অসম নিবাসী জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সঙ্গীত মহল শোকস্তব্ধ। ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, তিনি ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। শুক্রবার পারফর্ম করার কথা থাকলেও আগে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। সমুদ্রের জলে অচৈতন্য অবস্থায় ভাসতে থাকা গায়ককে সিঙ্গাপুর পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
মেঘালয়ের তুরায় জন্ম নেওয়া জুবিনের সঙ্গীত জীবনের শুরু মাত্র তিন বছর বয়সে। মায়ের কাছ থেকেই প্রথম গান শেখা, আর ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন। অহমিয়া, বাংলা সিনেমা এবং বলিউডে গাওয়া তার গান সর্বত্র প্রশংসিত। বিশেষ করে গ্যাংস্টার ছবির ‘ইয়া আলি’ গান দেশের দরবারে জুবিনকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘মন মানে না’, ‘পিয়া রে’ গানগুলোও ছিল তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি।
অনেকে মনে করতেন, গায়কের অনিয়ন্ত্রিত জীবনযাপন মাঝে মাঝে তাঁকে অন্ধকারে টেনে নিয়ে যেত। তবু, তার অসাধারণ প্রতিভা এবং মেলোডি ছোঁয়া সঙ্গীতপ্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবে। শোকপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, “জুবিনের মতো শিল্পীকে হারানো অসমের জন্য এক অপূরণীয় ক্ষতি।”







