মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ ঘোষণা অনুযায়ী, H-1B ভিসার জন্য এখন থেকে প্রতিটি সংস্থাকে এককালীন এক লাখ মার্কিন ডলার (প্রায় ৮৮ লক্ষ ভারতীয় টাকা) জমা দিতে হবে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ৯.৩০ মিনিট থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।
এই হঠাৎ সিদ্ধান্তে বিদেশি কর্মীরা বিশেষত ভারতের এইচ-১বি ভিসাধারীরা চরম উদ্বেগের মুখে পড়েছেন। আমেরিকায় কর্মরত ভারতীয়দের মধ্যে যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তারা নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে আমেরিকায় ফিরে যাওয়ার তাড়াহুড়োতে রয়েছেন।
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারত থেকে আমেরিকাগামী উড়ানের বুকিংয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অনেক সংস্থা, যার মধ্যে মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজ়ন রয়েছে, তাদের বিদেশি কর্মীদের একদিনের মধ্যে আমেরিকায় ফেরার নির্দেশ দিয়েছে। এই কারণে টিকিটের দামেও হঠাৎ করে প্রবল বৃদ্ধি হয়েছে।
মেকমাইট্রিপ-এর এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার ভোর থেকে শেষ মুহূর্তে আমেরিকাগামী টিকিটের জন্য হিড়িক পড়েছে। এয়ার ইন্ডিয়া, দুবাই, আবুধাবি, দোহা, সিঙ্গাপুর এবং হংকং হয়ে আমেরিকা যাওয়া বিভিন্ন ফ্লাইটের ভাড়াও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অনেক ভারতীয় কর্মী পুজো বা দীপাবলির জন্য দেশে ফিরে আসার ছুটি আগেই নিয়েছিলেন। তবে হঠাৎ নিয়ম প্রয়োগের কারণে তারা তাদের ছুটি বাতিল করে আমেরিকায় ফেরার পরিকল্পনা করছেন। ট্রাম্প প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপে বিদেশি কর্মীরা এখন চরম অনিশ্চয়তার মুখে।







