রাজ্য

চার বছর পর বাংলায় ফিরছে ১০০ দিনের কাজ, দেড় কোটি শ্রমদিবসের অনুমোদনের পথে কেন্দ্র

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর পশ্চিমবঙ্গে ফের শুরু হতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্প। কেন্দ্রীয় সূত্রে খবর, রাজ্যের জন্য প্রায় ১ কোটি ৪০ লক্ষ থেকে দেড় কোটি শ্রমদিবস অনুমোদনের প্রস্তুতি চলছে। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে নতুন নামে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই বরাদ্দ দেওয়া হতে পারে।

২০২২ সালের মার্চ মাসে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বাংলায় ১০০ দিনের কাজের অর্থবরাদ্দ বন্ধ করে কেন্দ্র। এরপর রাজ্য নিয়মিত প্রস্তাব পাঠালেও অনুমোদন মেলেনি। তবে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বিষয়টি নতুন করে বিবেচনা করা হয়। সম্প্রতি কেন্দ্রের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দফতরের আধিকারিকরা অংশ নেন এবং সেখানেই কাজ শুরুর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায় বলে সূত্রের দাবি।

অনুমোদনের সরকারি নির্দেশিকা জারি হলেই জেলা ভিত্তিক শ্রমদিবস বণ্টনের সিদ্ধান্ত নেবে নবান্ন। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে চালু করা হবে ফেস রেকগনিশন-ভিত্তিক হাজিরা ব্যবস্থা। কাজের সময় নির্দিষ্ট ব্যবধানে শ্রমিকদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে।

বর্তমানে রাজ্যে জবকার্ডধারীর সংখ্যা প্রায় ২ কোটি ৫৬ লক্ষ। এর মধ্যে অধিকাংশের আধার সংযুক্ত হলেও ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে প্রায় ৭৫ শতাংশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.