শরতের আকাশে তুলোর মতো সাদা মেঘ আর রোদ্দুর মিলেমিশে তৈরি হয়েছে এক উৎসবের আবহ। পুজোর মরসুমে এই স্বচ্ছ আকাশ যেন আনন্দেরই বার্তা দিচ্ছে। ষষ্ঠী পার হয়ে আজ সপ্তমী, আর কলকাতার রাস্তাঘাট ভরে উঠেছে দর্শনার্থীদের ভিড়ে। স্বাভাবিকভাবেই পুজো ঘিরে উন্মাদনা বাড়ছে ৷ এই সময় বৃষ্টি ব্যাঘাত ঘটালে আনন্দটাই মাটি। আলিপুর আবহাওয়া দফতর দর্শনার্থীদের আশ্বস্ত করেছে, অষ্টমী পর্যন্ত বৃষ্টি সেভাবে ব্যাঘাত ঘটাবে না পুজো দেখায় ।
কিন্তু চিন্তা শুরু হবে নবমী থেকে। সেই সময় ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলে নবমীর রাত থেকে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, নদিয়া, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা ও ঝাড়গ্রামে পুজোর আনন্দে খানিক ভাটা পড়তে পারে।
অন্যদিকে, সমুদ্রও উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১ অক্টোবর পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
উত্তরবঙ্গেও বর্ষার দাপট থামবে না। আজ সপ্তমীতে হালকা বৃষ্টি হলেও, মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। নবমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সব জেলায়। আর দশমী ও একাদশীতে দার্জিলিং–সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ ও কাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।







