এশিয়া কাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার মাশুল গুনতে হল তরুণ অলরাউন্ডার সাইম আয়ুবকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত পাকিস্তানের ১৮ সদস্যের দলে জায়গা পাননি তিনি। তাঁর বদলে সুযোগ ফিরেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ানের।
এশিয়া কাপে আয়ুবের পারফরম্যান্স ছিল প্রত্যাশার অনেক নীচে। সাত ম্যাচে তিনি মাত্র ৩৭ রান করেন। চারটি ইনিংসে শূন্য রানে আউট হন। যদিও বল হাতে আটটি উইকেট পান, কিন্তু নির্বাচকদের কাছে তাঁর মূল ভূমিকা ব্যাটসম্যান হিসেবেই। প্রথম তিন ম্যাচে টানা শূন্য রানে আউট হওয়ার পর কোচ মাইক হেসন ও অধিনায়ক সলমন আঘারা তাঁকে ওপেনিং থেকে সরিয়ে দেন। এর পর থেকেই সমালোচনার ঝড় ওঠে পাকিস্তান ক্রিকেটমহলে। শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিলেন নির্বাচকেরা।
চোট কাটিয়ে নিয়মিত টেস্ট দলে ফেরার লড়াই চালাচ্ছিলেন ২৩ বছরের আয়ুব। কিন্তু এশিয়া কাপে ব্যর্থতা তাঁকে ছিটকে দিল আসন্ন টেস্ট সিরিজ থেকে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। বাবর এবং রিজ়ওয়ানকে ফিরিয়ে এনে লাল বলের ক্রিকেটে সাফল্যের রাস্তায় ফিরতে মরিয়া পাকিস্তান। নেতৃত্বে থাকছেন শান মাসুদ।
এবারের দলে তিন নতুন মুখকেও জায়গা দেওয়া হয়েছে— বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি, রিস্ট স্পিনার ফয়জল আক্রম এবং উইকেটরক্ষক-ব্যাটার রোহেল নাজ়ির।
পাকিস্তান দল (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ):
শান মাসুদ (অধিনায়ক), আমির আজমল, আবদুল্লা শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজ়ম, ফয়জল আক্রম, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, খুররাম শাহজ়াদ, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), নোমান আলি, রোহেল নাজ়ির (উইকেটরক্ষক), সাজিদ খান, সলমন আলি আঘা, সাউদ সাকিল এবং শাহিন আফ্রিদি।







