আরজিকরকাণ্ডে উত্তপ্ত বাংলা! এহেন পরিস্থিতিতে সোমবার সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি শুরু হয়েছে। শুরুতেই মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় এক মাস পার। সোমবারই শীর্ষ আদালতে এই মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। রিপোর্টে দাবি, ২৩ জন ব্যক্তি মারা গিয়েছেন আন্দোলনের কারণে।
অন্যদিকে, উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্যাদি। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, আগে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। তারপর সব পক্ষ নিজেদের প্রশ্ন তাঁদের কাছে রাখতে পারবে। ফিরোজ এডুলজির বক্তব্য, ‘বলা হচ্ছে, মৃতার পা ৯০ ডিগ্রি কোণে ছিল। হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয়।’ ঘটনার এক মাস পরেও মৃত্যুর সময় কেন জানা গেল না, সেই প্রসঙ্গেও প্রশ্ন তোলেন আইনজীবী। হাসপাতালের শৌচালয়ের সমস্ত টাইলসও বদলে ফেরা হয়েছে বলেও সোমবার আদালতে জানান এডুলজি।
সিবিআই-এর তরফে এদিন গুরুতর সংশয় প্রকাশ করা হয় আদালতে। সিবিআই-এর বক্তব্য, ‘এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম ৫ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা ৫ দিন পরে গিয়েছি। তখন কিছু পাল্টে গিয়েছে।’ এডুলজির প্রশ্ন, ‘এফআইআর দায়ের না করে কীভাবে তদন্ত শুরু হল? এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন রয়েছে। হতে পারে সেই তথ্য নষ্ট করা হয়েছে।’ জেনারেল ডায়েরি এন্ট্রি করার সময়ও ভুল বলে দাবি এডুলজির।







