নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের আইনক্স প্রেক্ষাগৃহে হয়ে গেল আসন্ন বাংলা ছবি ‘প্রত্যাবর্তন: দ্য হোমকামিং’-এর প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা, পাশাপাশি চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট অতিথি।
ছবিটি পরিচালনা করেছেন ড. শুদ্ধসত্ব চট্টোপাধ্যায়। প্রযোজনায় রয়েছেন পাঞ্চালি চট্টোপাধ্যায়। মানবিক সম্পর্ক, স্মৃতি ও জীবনের বাস্তব টানাপোড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির কাহিনি। এক মেডিকেল কলেজের ছয়জন প্রাক্তন ছাত্রছাত্রীর বহু বছর পরের পুনর্মিলন—সেই মিলনমুহূর্তে ফিরে আসে অতীতের নানা স্মৃতি। বর্তমান জীবনের চাপ, সম্পর্কের জটিলতা এবং কিছু অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় তাঁদের জীবনের নানা দিক।
প্রিমিয়ার শো শেষে সাংবাদিক সম্মেলনে নির্মাতারা ছবির ভাবনা ও নির্মাণ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য, এই ছবি মূলত সম্পর্কের গভীরতা ও নিজের শিকড়ে ফিরে তাকানোর গল্প।
ইতিমধ্যেই দর্শকমহলে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কবে মুক্তি পায় ‘প্রত্যাবর্তন’, সেদিকেই এখন নজর বাংলা ছবির দর্শকদের।







