আনন্দপুরের ভয়ংকর অগ্নিকাণ্ডে , যাদের মৃত্যু হয়েছে , তাদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা গিয়েছে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে মৃতদের পরিবারকে । এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরো জানান, এই অগ্নিকাণ্ডের জেরে , যারা জখম হয়েছেন , তাদের আর্থিক সাহায্য দেওয়া হবে ৫০ হাজার টাকা করে । একইসঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। মৃতদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় বঙ্গ বিজেপির তরফে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানানো হয়েছে ।
রবিবার রাত ১ টার কিছু সময় পর আগুন লাগে আনন্দপুরের জতুগৃহে। শুক্রবার পর্যন্ত সবমিলিয়ে প্রায় ২৫ জনের দেহাংশ পাওয়া গিয়েছে। তবে মোট কতজনের মৃত্যু হয়েছে, সে হিসাব এখনও স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবারই গ্রেফতার করা হয় ডেকরেটরস মালিক গঙ্গাধর দাসকে। এবং শুক্রবার অবশেষে গ্রেফতার করা হয় মোমো কোম্পানির ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকেও।
এরপরই মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। নিজের সমাজ মাধ্যমে তিনি লেখেন , “পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। যাঁরা প্রিয়জনদের হারালেন, তাঁদের সমবেদনা জানাই। জখমদের দ্রুত সুস্থতা কামনা করি।” একইসঙ্গে তিনি লেখেন , “মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে। আর জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।” উল্লেখ্য , বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও মৃতদের পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন ।
তবে শুক্রবার প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য ঘোষণার পর , সুকান্ত মজুমদার নিজের সমাজ মাধ্যমে লেখেন , “নরেন্দ্র মোদীজিকে আমি হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই। আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে প্রদত্ত এই আর্থিক সহায়তা নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ ও সহমর্মিতার দৃঢ় বার্তা বহন করে। এই সহায়তা গভীর শোক ও কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মানসিক ও সামাজিক শক্তি জোগাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।” তিনি আরো লেখেন , “মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করে দেয়, যেকোনও কঠিন সময়ে তিনি পশ্চিমবঙ্গের মানুষের পাশে রয়েছেন।”







