রাজ্য

বাংলায় চালু আয়ুষ্মান ভারত, ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটল। রাজ্যে সরকার পরিবর্তনের পর নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে বাংলাকে এই প্রকল্পের আওতায় আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানান, আজ থেকেই রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা ভোগ করতে পারবেন। প্রকল্পের অধীনে প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে। এর আওতায় আসছেন রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের প্রায় সাড়ে ৬ কোটি মানুষ। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৯৭৬ কোটি টাকা।

২০১৮ সালে কেন্দ্রীয় সরকার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করলেও গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ এতে যুক্ত হয়নি। সেই সময়ে রাজ্য সরকার নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে বাংলাকে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করা হবে। সরকার গঠনের এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হল।

মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের সুবিধাভোগীরা প্রথম দিন থেকেই পূর্ববর্তী রোগের চিকিৎসার কভারেজ পাবেন। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৩৬ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের অন্তর্ভুক্ত। পাশাপাশি, অন্য রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরাও এই স্বাস্থ্যবিমার সুবিধা গ্রহণ করতে পারবেন।

পূর্ববর্তী সরকারের অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রকল্পের নামকে কেন্দ্র করে রাজনৈতিক আপত্তির কারণেই এতদিন পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সরকার পরিবর্তনের পর সেই বাধা দূর হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.