দেশের রাজধানীতে চলছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেখানে ভারতের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসের মাঝেই ঘটল এক অপ্রত্যাশিত কাণ্ড। জওহরলাল নেহরু স্টেডিয়ামের চত্বরে পথকুকুরের কামড়ে রক্তারক্তি অবস্থা! কেনিয়া ও জাপানের দুই বিদেশি কোচকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিশ্বমানের টুর্নামেন্টে নিরাপত্তা ও সাবধানতার এমন অভাব দেখে উঠছে একের পর এক প্রশ্ন—কেন আন্তর্জাতিক ইভেন্টে এমন অব্যবস্থা?
সূত্র অনুযায়ী, শুক্রবার সকালে কেনিয়ার কোচ ডেনিস মারাজিয়া অ্যাথলিটদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ একটি পথকুকুর তাঁকে কামড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই একই রকম ঘটনায় আক্রান্ত হন জাপানের কোচ মেইকো ওকুমাৎসু, যিনি ওয়ার্ম-আপ ট্র্যাকে ছিলেন। আহত দুই কোচকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁরা আপাতত বিপন্মুক্ত। ঘটনাটি প্রকাশ্যে আসতেই টুর্নামেন্টের ভাবমূর্তি নিয়েই উঠেছে প্রশ্ন।
তবে আয়োজকরা দায় স্বীকারের বদলে অভিযোগ তুলেছেন বিদেশি কোচদের বিরুদ্ধেই। তাঁদের দাবি, সতর্ক করা সত্ত্বেও বিদেশি দলগুলির সদস্যরা পথকুকুরদের খাবার দিচ্ছিলেন, যার ফলে কুকুরগুলো স্টেডিয়ামে ঘোরাঘুরি করছিল। আয়োজকদের দাবি, দিল্লি পুরসভার দল নিয়মিতভাবে পশু সুরক্ষা বিধি মেনেই কুকুরদের নির্দিষ্ট স্থানে সরিয়ে দিচ্ছে।
ঘটনার মধ্যেই ভারতীয় অ্যাথলিটদের সাফল্যে খানিকটা স্বস্তি মিলেছে। নিষাদ কুমার হাই জাম্পে ও সিমরান শর্মা ১০০ মিটার দৌড়ে সোনা জিতে দেশের মান রেখেছেন। শুক্রবার পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৬ সোনা, ৫ রুপো ও ৪ ব্রোঞ্জ—তবু আলোচনার কেন্দ্রে এখন স্টেডিয়ামের ‘অতিথি’ পথকুকুর।







