টেস্ট হোক বা টি-টোয়েন্টি, বারবার চোট পেয়ে ছিটকে যাচ্ছেন ভারতের তরুণ ক্রিকেটাররা। নীতীশ রেড্ডি, আকাশদীপ, এমনকি জসপ্রীত বুমরাহও বারবার পিঠ বা কোমরের সমস্যায় ভুগছেন। হার্দিক পাণ্ড্যর লাল বলের কেরিয়ার তো প্রায় শেষের মুখে। ভারতীয় ক্রিকেটের এই বাড়তে থাকা চোট-সংকটের মাঝে উঠে এল এক কিংবদন্তির কণ্ঠ—মহেন্দ্র সিংহ ধোনি। নিজেই চোট-নিয়ন্ত্রণে অনন্য উদাহরণ তিনি। এবার নিজ শহর রাঁচীর এক অনুষ্ঠানে উঠে এল তাঁর স্পষ্ট বার্তা—শারীরিক পরিশ্রমই এই সমস্যার মূল ও সমাধান।
ধোনি বলেন, “এখনকার তরুণ প্রজন্ম খেলাধুলো কম করছে। তাই ফিটনেসও কমছে। শুধু জিমে ঘাম ঝরালেই হবে না, মাঠে নেমে দৌড়তে হবে, শরীরচর্চা করতে হবে।” তিনি নিজের মেয়ে জিভার কথাও উল্লেখ করে বলেন, “ওও খেলাধুলো করে না। আমরাই ভাবি ওকে কী ভাবে ব্যস্ত রাখা যায় যাতে ও দৌড়ঝাঁপ করে।”
চলতি বছরের অস্ট্রেলিয়া সফরেই আকাশদীপ চোট পান। আইপিএলের শুরুতেও খেলতে পারেননি। পরে কামব্যাক করেও ফের পিঠে চোট পেয়ে চতুর্থ টেস্টে খেলা অনিশ্চিত। নীতীশের ক্ষেত্রেও একই ছবি—টেস্ট খেলার পর জিমেই ফের নতুন চোট, দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে।
এই সব সমস্যা দেখে ধোনির পরামর্শ—ফিটনেস ফিরে পেতে হলে জিম নয়, মাঠে ফিরতে হবে। শরীরচর্চা মানেই শুধুমাত্র যন্ত্র নয়, বরং ছেলেবেলার মতো খেলাধুলোর মধ্যেই রয়েছে সুস্থ শরীরের মূল চাবিকাঠি। তরুণ প্রজন্মকে সেই পথেই হাঁটার ডাক দিলেন ক্যাপ্টেন কুল।







