খেলাধুলা

নতুন সংবিধান ঘিরে ঘুম উড়েছে কর্তাদের, ফেডারেশনে ফের ‘প্যাটেল ফ্যাক্টর’!

ভারতীয় ফুটবলে ফের তপ্ত রাজনীতি। সর্বোচ্চ আদালতের নির্দেশে তৈরি নতুন সংবিধান পাশ করতে ১২ অক্টোবর বিশেষ সাধারণ সভা ডাকল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এই সভায় বহুদিন পর উপস্থিত থাকবেন প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং আইএফএ-র প্রতিনিধি সুব্রত দত্ত। তাঁদের উপস্থিতি যে ফেডারেশনের অভ্যন্তরীণ সমীকরণে নতুন আলোড়ন তুলবে, তা বলাই বাহুল্য।

তবে সংবিধান পাশের পাশাপাশি ফেডারেশন এখন বড়সড় প্রশাসনিক সংকটে। নতুন সংবিধানের ২৫.৩ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যকরী কমিটির সদস্যদের রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে। অর্থাৎ একইসঙ্গে রাজ্য ও ফেডারেশনের দায়িত্ব রাখা যাবে না। এখানেই বিপাকে পড়েছেন অধিকাংশ কর্তা। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যারিস থেকে শুরু করে একাধিক সদস্য রাজ্য সংস্থার প্রতিনিধিও। ফলে তাঁদের সামনে কঠিন সিদ্ধান্ত—ফেডারেশন না রাজ্য ফুটবল সংস্থা, কোনটি বেছে নেবেন?

সমস্যা আরও গভীর কারণ বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবে মাত্র আট মাস পর। এখন রাজ্য পদ ছাড়লে ভবিষ্যতে নির্বাচনে না জিতলে ফেডারেশন থেকেও ছিটকে যেতে হবে। এতে এক ধাক্কায় প্রশাসনিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বহু প্রভাবশালী কর্তার। তাই অনেকেই রাজ্য পদে থেকে যাওয়ারই পক্ষে।

এই অবস্থায় ফেডারেশনের শূন্যতা রোধে একমাত্র পথ নতুন নির্বাচনের আয়োজন। যদিও সভাপতি কল্যাণ চৌবে গুজরাট সংস্থার প্রতিনিধি হলেও কোনও রাজ্যপদে নেই, তাই তিনি সমস্যামুক্ত। কিন্তু বাকিদের দুশ্চিন্তা এখন ‘রাতের ঘুমের শত্রু’। প্রফুল্ল প্যাটেলের ফের ময়দানে নামা এই সময়েই ইঙ্গিত দিচ্ছে—ভারতীয় ফুটবলে আবার শুরু হতে চলেছে এক নতুন ক্ষমতার লড়াই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.