খেলাধুলা

পুলওয়ামার শহিদের ছেলে হরিয়ানার দলে, আবেগে ভাসলেন শেহওয়াগ

জীবনের সবচেয়ে অন্ধকার সময় থেকেই নতুন আলোর সন্ধান পাওয়া যায়—এই কথার বাস্তব উদাহরণ রাহুল সোরেং। পুলওয়ামা হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান বিজয় সোরেংয়ের পুত্র রাহুলের জীবন এখন অনুপ্রেরণার প্রতীক। হরিয়ানার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে সুযোগ পেয়ে যেন বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণের পথে পা রাখল সে। আর এই খুশির মুহূর্তে আবেগে ভেসেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ, যিনি ২০১৯ সাল থেকে রাহুলের পড়াশোনা ও প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছিলেন।

পুলওয়ামার পরই শেহওয়াগ এগিয়ে এসেছিলেন রাহুলের পাশে। বিনামূল্যে তাঁর স্কুলে ভর্তি করিয়েছিলেন শহিদের সন্তানকে, সঙ্গে দিয়েছিলেন নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ। বীরুর অকুণ্ঠ সহায়তা ও রাহুলের একাগ্র পরিশ্রম মিলিয়ে এক অনন্য যাত্রার সূচনা হয়। আজ সেই রাহুলের সাফল্যে বীরু লিখেছেন, “ওর বীর পিতা শহিদ হয়েছিলেন, আর রাহুলের পাশে থাকতে পারা আমার সৌভাগ্য। ওর যাত্রায় আমি গর্বিত।”

নেটমাধ্যমেও এই গল্প ছড়িয়ে পড়েছে গর্বের সঙ্গে। বহু মানুষ রাহুলের এই সাফল্যকে ‘ত্যাগ ও অধ্যবসায়ের জয়’ হিসেবে দেখছেন। এক জন নেটিজেন লিখেছেন, “বাবার ত্যাগ আজ ছেলের সাফল্যে অমর।” রাহুলের এই সাফল্যে যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে দেশপ্রেম ও স্বপ্নের জেদ।

এর আগেও বিজয় মার্চেন্ট ট্রফিতে হরিয়ানার অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৪ দলে খেলেছে রাহুল। প্রতিটি স্তরে উন্নতির সাক্ষী হয়েছেন শেহওয়াগ। এখন তাঁর চোখ ভারতের জার্সি—যেখানে এক শহিদের স্বপ্ন আর এক তরুণের পরিশ্রম একসূত্রে বাঁধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.