ধারাভাষ্যকার হিসেবে তাঁদের জ্ঞানগর্ভ বিশ্লেষণ শ্রোতাদের বহুদিনের সঙ্গী। কিন্তু এবার বিতর্কে জড়িয়ে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে দুই বিশিষ্ট কণ্ঠ—হর্ষ ভোগলে এবং সাইমন ডুল। কেবল একটি মন্তব্য, আর তার সূত্র ধরেই ক্রিকেটের বাইরের পিচে শুরু হয়েছে নতুন এক লড়াই। কুর্সির লড়াই, সম্মান রক্ষার লড়াই—এ যেন এক ভিন্ন ময়দানে মুখোমুখি দুই পক্ষ।
ঘটনার সূত্রপাত আইপিএলের প্রথম ম্যাচে কেকেআর বনাম আরসিবির লড়াইয়ে। হারের পরে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে প্রকাশ্যে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পিন সহায়ক পিচ না পাওয়ার কথা বলেন। তাঁর সেই বক্তব্যে সায় দিয়ে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে একহাত নেন ভোগলে ও ডুল। ডুল বলেন, “পয়সা দিয়ে খেলার পরও পছন্দমতো পিচ না পেলে ঘরের মাঠ বদল করুক দল!” ভোগলের বক্তব্য ছিল, “ঘরের মাঠে দলকে বাড়তি সুবিধা না দিলে সেটি অনুচিত।”
এই মন্তব্যে চরম ক্ষুব্ধ সিএবি। তাদের দাবি, বিসিসিআই-এর নির্দেশ অনুসারে পিচ তৈরি হয়েছে, কোনো দলকে সুবিধা পাইয়ে দেওয়ার সুযোগ নেই। তাই এই ধরণের বক্তব্য আসলে সংস্থার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সিএবি বিসিসিআইকে চিঠি দিয়ে অনুরোধ করে—ইডেন গার্ডেন্সে যেন আর ধারাভাষ্য করতে না দেওয়া হয় ওই দুই ধারাভাষ্যকারকে।
সূত্রের খবর, বিসিসিআই সেই অনুরোধে নীতিগত ভাবে সম্মতি জানিয়েছে। যদিও এখনো অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেকেআর বনাম গুজরাট ম্যাচে কলকাতায় এসে পৌঁছেছেন ধারাভাষ্যকাররা। সেই দলে নেই ভোগলে-ডুল। অর্থাৎ, আইপিএলের ফাইনাল সহ ইডেনের কোনও ম্যাচেই আর দেখা যাবে না তাঁদের।







