জেলা

পুরুলিয়ায় চাঞ্চল্য! দ্বাদশীর সকালে প্রাথমিক বিদ্যালয় চত্বরে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ

পুরুলিয়া: দুর্গাপুজোর আনন্দের আবহে স্তব্ধতা নামল পুরুলিয়া শহরে। দ্বাদশীর সকালে শহরের এক প্রাথমিক বিদ্যালয় চত্বরে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডে অবস্থিত অলঙ্গীডাঙা প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল ঘেরা একপাশে সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান এক মহিলার দেহ পড়ে রয়েছে। খবর ছড়াতেই এলাকায় ভিড় জমে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

দেহটি অর্ধনগ্ন অবস্থায় উদ্ধারের পর থেকেই শুরু হয়েছে জল্পনা—মহিলাকে কি ধর্ষণের পর খুন করা হয়েছে? নাকি অন্য কোথাও খুন করে দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলে পুজোর ছুটি থাকায় সুরক্ষা ব্যবস্থা ছিল না। তবে সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, মৃতার পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। শহরের বিভিন্ন থানায় নিখোঁজ মহিলাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পুরুলিয়া জুড়ে এখন একটাই প্রশ্ন—দুর্গাপুজোর আনন্দঘন সময়ের মধ্যেই এমন নৃশংস ঘটনার নেপথ্যে কে বা কারা?

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে। আপাতত গোটা বিষয়টি খুন নাকি যৌন নির্যাতনের সঙ্গে যুক্ত, তা জানতে তদন্তে নেমেছে জেলা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.