ক্রিকেট বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন। নর্দার্ন ত্রিনিদাদে তাঁর দেহাবসান হয়েছে। ১৯৭৫ সালে ক্লাইভ লয়েডের নেতৃত্বে যে ক্যারিবিয়ান দল প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয় করেছিল, জুলিয়েন ছিলেন সেই ঐতিহাসিক দলের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে লয়েড জানিয়েছেন, “জুলিয়েন সব সময় ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করত। ব্যাটিং হোক বা বোলিং, ওর উপর আমার চূড়ান্ত ভরসা ছিল। একজন অসাধারণ ক্রিকেটার ছিল সে।”
জুলিয়েন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ২৪টি টেস্ট এবং ১২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরির পাশাপাশি তাঁর ৫০টি উইকেট ছিল। তবে বিশ্বকাপের মঞ্চেই তিনি সবচেয়ে বেশি জ্বলে ওঠেন। ১৯৭৫ সালের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২৭ রান খরচ করে ৪ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর ৩৭ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজকে প্রথম বিশ্বকাপ ট্রফি এনে দিতে সাহায্য করে। দুঃখজনকভাবে, এই লড়াকু ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়েছিল বর্ণবাদ নীতির জেরে। ১৯৮২-৮৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় ‘বিদ্রোহী’ দলের সঙ্গে সফরে যাওয়ায় তাঁর জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়।







