রেখা পাত্রের মুখেও এবার বুলডোজার প্রসঙ্গ ! বুলডোজার চালিয়ে সরাসরি রক্তাক্ত করার হুশিয়ারি দিলেন তিনি ! উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে বিজেপির হয়ে লড়ছেন রেখা পাত্র। টিকিট পাওয়ার পর থেকেই জোর কদমে শুরু করেছেন প্রচার। আর এবার সেই প্রচারে বেরিয়েই বুলডোজার নীতির কথা তুলে ধরলেন রেখা পাত্র ।
হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় প্রচারে গিয়ে রেখা পাত্র বলে বসেন , “আমরা বুলডোজার চালিয়ে রক্তাক্ত করব। কিন্তু সেই রক্ত বাইরে বেরবে না। আমরা এই তৃণমূল সরকারকে বুঝিয়ে দেব যে অঙ্গ-প্রত্যঙ্গ খুলে খুলে বিক্রি করে দেওয়ার সাজা কী হয়।”
যদিও নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন রেখা। তিনি বলেন , “যেভাবে অত্যাচার করছে, তাতে বুলডোজার চালাবে নারীবাহিনী। আর এই বুলডোজার মানে ঝাঁটা লাঠি নিয়ে বুলডোজার চালানো। সন্দেশখালিতে দেখেছেন? তেমনই বুলডোজার চলবে।”
রেখা পাত্রের এই মন্তব্যে সরাসরি সরব হয়েছে তৃণমূল কংগ্রেস । তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক বুলবুল রহমানের কথায় , “একজন বিধানসভার প্রার্থী এমন ধরনের কথা কীভাবে বলেন? আমরা অবাক হয়ে যাচ্ছি। মহিলাদের আমরা মায়ের মতো দেখি। তাদের মধ্যে কত নমনীয়তা থাকে। কিন্তু এখানে তার উল্টো দেখতে পাচ্ছি। একজন মহিলা জনপ্রতিনিধি হতে যাচ্ছে, তার মুখের ভাষা এরকম! শান্ত এলাকাকে কি তিনি অশান্ত করতে চাইছেন?”







