অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পার হতে চললেও বৃষ্টির হাত থেকে এখনও রেহাই নেই বঙ্গবাসীর।রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই চলছে ঝড়ে , বৃষ্টির রেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস।
আগামীকালও দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির দাপট, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
কলকাতার আবহাওয়া
রাজধানী কলকাতার আকাশ আজও মেঘলা। সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তীব্র বর্ষণ হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
গত সপ্তাহের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এখনও পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভূমিধস, রাস্তা ভাঙন ও প্রাণহানিতে থমকে গেছে স্বাভাবিক জীবন। ভয়াবহ এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন, যার মধ্যে শুধু মিরিকেই ১১ জন।
তবে এবার উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শীতের আগমন কবে?
অক্টোবরের মাঝামাঝি এলেও এখনও শীতের দেখা মেলেনি। আবহাওয়াবিদদের অনুমান, মাসের শেষের দিক থেকে ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। তবে আপাতত রাজ্যের অধিকাংশ জায়গায় বৃষ্টির দাপটই অব্যাহত থাকবে ।







