২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা হতেই বিজ্ঞান মহলে আনন্দের ঢেউ। এবার এই সর্বোচ্চ সম্মান পেলেন মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামোর ওপর গবেষণার জন্য তিন বিজ্ঞানী: জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং আমেরিকার ওমর এম ইয়াঘি। নোবেল কমিটি বুধবার তাঁদের নাম ঘোষণা করেছে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কার গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থের প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য বিশাল ছিদ্রযুক্ত আণবিক কাঠামো তৈরি করতে সাহায্য করেছে।
এই বছরে নোবেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বিজ্ঞানী ওমর এম ইয়াঘির জীবন কাহিনি। মার্কিন মুলুকে গবেষণা করলেও, তিনি জন্মসূত্রে জর্ডনের এবং তাঁর পরিবার এসেছে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন থেকে। যে সময়ে প্যালেস্টাইন সামরিক সংঘাতের কারণে রক্তাক্ত, সেই সময়ে এই ভূখণ্ডের একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার জয় করে এক বিশেষ বার্তা দিলেন। নোবেল কমিটি জানিয়েছে, এই বিজ্ঞানীদের উদ্ভাবিত MOFs প্রযুক্তি ভবিষ্যতে মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ করার পাশাপাশি কার্বন ডাই অক্সাইড আটকানো বা বিষাক্ত গ্যাস সঞ্চয় করার মতো পরিবেশবান্ধব কাজে ব্যবহার করা যেতে পারে। এই সম্মানজনক পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা তিন বিজ্ঞানীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।






