নদিয়ায় দুই নাগরিকের হাতে পৌঁছল এনআরসি নোটিস, আর তাতেই তীব্র প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। তাঁর অভিযোগ, “বেআইনিভাবে এই নোটিস পাঠানো হয়েছে। ভোটের আগে ভয় দেখানোর নতুন চাল চালছে বিজেপি।”
জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখে নদিয়ার ধুবুলিয়ার সঞ্জু শেখ ও আরশাদ শেখ নামে দুই যুবকের কাছে অসম প্রশাসনের তরফে এনআরসি-সংক্রান্ত নোটিস আসে। স্থানীয় সূত্রে খবর, প্রায় পনেরো বছর আগে এই দুই যুবক কিছু দিনের জন্য অসমে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। পরে ফিরে এসে নদিয়াতেই বসবাস শুরু করেন। এতদিন পর হঠাৎ সেই রাজ্য থেকেই নোটিস আসায় হতবাক পরিবারগুলি। তাঁদের দাবি, “আমরা সংখ্যালঘু বলেই টার্গেট করা হচ্ছে।”
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, “এসআইআরের নামে এনআরসি নোটিস পাঠানোর অধিকার অসম সরকারের কে দিল? বাংলার মানুষের ওপর এই চাপ কেন?” মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ভোটের আগে বিজেপি নতুন করে ভয়ের রাজনীতি খেলছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।”
মমতার সুরেই সুর মিলিয়ে মহুয়া মৈত্রর কটাক্ষ, “অসম সরকারের কোনও এখতিয়ার নেই নদিয়ার মানুষকে এনআরসি নোটিস পাঠানোর। এটা একেবারেই বেআইনি ও পরিকল্পিত রাজনৈতিক চাল।”
পুজোর পরই এই ঘটনাকে ঘিরে নদিয়া জেলায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, “যদি আজ নদিয়ায় এনআরসি নোটিস আসে, কাল সেটা কি রাজ্যের অন্য প্রান্তেও পৌঁছাবে?”






