এশিয়া কাপের পরও থামছে না ভারত-পাকিস্তান সংঘাতের নাটক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রফি নিজেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এসিসি প্রেসিডেন্ট মহসিন নকভি নাকি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে ট্রফি তালাবন্ধ করে দিয়েছেন। নির্দেশও জারি হয়েছে—“আমার অনুমতি ছাড়া কেউ যেন ট্রফিতে হাতও না দেয়।” সূত্রের খবর, ভারত যদি সেই ট্রফি নিতে চায়, তবে দিতে হবে নকভির হাত থেকেই।
ফাইনালে পাকিস্তান পরাজিত হওয়ার পর থেকেই উত্তেজনা শুরু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দলের কেউ নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। সেই অপমানের ‘প্রতিশোধ’ নিতেই এবার তালাবন্ধ ট্রফির কৌশল বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ। নকভি চাইছেন, এক বিশেষ অনুষ্ঠানে ভারতীয় দল তাঁর হাত থেকেই ট্রফি গ্রহণ করুক—যা কার্যত অসম্ভব বলেই মনে করছে বিসিসিআই।
অন্যদিকে, ভারতীয় বোর্ডও পালটা প্রস্তুতি নিচ্ছে। বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, আগামী নভেম্বরের আইসিসি বৈঠকের আগে ট্রফি ফেরত না দিলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থ হবে তারা। শুধু তাই নয়, নকভিকে এসিসির সভাপতির পদ থেকে সরানোর দাবি তোলার কথাও ভাবছে ভারতীয় শিবির।
তবে নকভি আপাতত অনড়। তাঁর মতে, ট্রফি তিনি নিজে হস্তান্তর করবেন, ততদিন সেটি থাকবে নিরাপদে তালাবদ্ধ অবস্থায়। ফলে বোঝাই যাচ্ছে, এশিয়া কাপের লড়াই শেষ হলেও, ‘তালাবন্ধ ট্রফি’ ইস্যু ঘিরে ভারত-পাকিস্তানের অঘোষিত ক্রিকেট যুদ্ধ এখনও বহাল তবিয়তে চলছে।







