জেলা

চুঁচুড়ায় মানবিকতার নজির: পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে ‘ফরিস্তা’ হলেন পুলিশ অফিসার সমীর কর্মকার

পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা। স্বপ্ন ছিল জীবনের মোড় ঘোরানোর। কিন্তু ভুল স্টেশনে নেমে সেই স্বপ্ন যেন ভেঙে যাচ্ছিল চোখের সামনে। পকেটে পর্যাপ্ত অর্থ নেই, পরীক্ষাকেন্দ্র বহু দূরে—সব আশা প্রায় শেষ। ঠিক তখনই সাহায্যের হাত বাড়ালেন পুলিশ অফিসার সমীর কর্মকার। নিজের দায়িত্বের গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠলেন এক মানবিক ‘ফরিস্তা’।

ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। পূর্ব বর্ধমানের বাসিন্দা সুরজকুমার সাউ এসআই পদে পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছিলেন। পরীক্ষাকেন্দ্র ছিল ব্যান্ডেলের সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ ন্যাশনাল ইনস্টিটিউশন। কিন্তু তিনি ভুল করে নেমে পড়েন চুঁচুড়ায়। বিভ্রান্ত সুরজ সাহায্যের জন্য এগিয়ে যান টহলরত পুলিশ ভ্যানের কাছে।

প্রথমে তাঁকে টোটো করে পাঠানোর ব্যবস্থা করেন কর্তব্যরত পুলিশরা। কিন্তু ভাড়া দেওয়ার মতো অর্থ ছিল না সুরজের কাছে। এক মুহূর্ত দেরি না করে পুলিশ আধিকারিক সমীর কর্মকার নিজেই সিদ্ধান্ত নেন — পুলিশের ভ্যানেই পৌঁছে দেবেন পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে।

কথামতো, সময়মতো সাহাগঞ্জের শ্যামাপ্রসাদ ন্যাশনাল ইনস্টিটিউশনে পৌঁছে দেন সুরজকুমারকে। পরীক্ষার আগে তিনি বলেন,

“ভুল করে অন্য স্টেশনে নেমেছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। কিন্তু পুলিশের সাহায্য না পেলে হয়তো আজ পরীক্ষা দিতে পারতাম না। সত্যিই কৃতজ্ঞ।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার বিভিন্ন স্কুলে এদিন এসআই পরীক্ষার কেন্দ্র করা হয়েছিল। ভিন জেলা থেকে এসেছিলেন বহু পরীক্ষার্থী। যাতে কেউ কোনও অসুবিধায় না পড়েন, তার জন্য সক্রিয় ছিল স্থানীয় পুলিশ। সেই তৎপরতারই উজ্জ্বল দৃষ্টান্ত সমীর কর্মকারের এই মানবিকতা।

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমীরবাবুর প্রশংসার ঢল। অনেকেই লিখেছেন —
“ইউনিফর্ম শুধু ক্ষমতার প্রতীক নয়, মানবতারও প্রতীক।”

ঘটনাস্থল: চুঁচুড়া, হুগলি
পরীক্ষার্থী: সুরজকুমার সাউ, পূর্ব বর্ধমান
পুলিশ অফিসার: সমীর কর্মকার, চুঁচুড়া থানা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.