ক্রাইমজেলারাজ্য

দুর্গাপুরে মেডিকেল কলেজ ছাত্রী নির্যাতনকাণ্ডে তিনজনের গ্রেফতার, দুই অভিযুক্ত এখনও পলাতক

দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। ঘটনায় ইতিমধ্যেই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল টাওয়ারের সূত্র ধরে ধরা পড়ে তারা। তবে ধৃতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, এই মামলায় মোট পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে দুইজন এখনও পলাতক। দ্রুত তাদেরও গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে তদন্তকারীরা।

তদন্ত সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই ছাত্রী তাঁর এক সহপাঠীর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় তিনজন এসে তাদের ফোন কেড়ে নেয় এবং অশোভন আচরণ করে। পরে আরও দুইজন এসে পরিস্থিতি জানতে চায়। তখন নির্যাতিতা জানান, তাঁর ফোন নিয়ে নেওয়া হয়েছে। এরপর যে ফোন থেকে তিনি নিজের নম্বরে কল করেন, সেই নম্বরই হয়ে ওঠে পুলিশের তদন্তের মূল চাবিকাঠি। সেই সূত্র ধরেই একে একে ধরা পড়ে তিন অভিযুক্ত।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার শনিবার রাতে নির্যাতিতার বাবা এবং সহপাঠীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। নির্যাতিতার বাবাও পুলিশের তদন্তে সহযোগিতা করছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলটি ঘন জঙ্গলে অবস্থিত, যেখানে কোনও সিসিটিভি ক্যামেরা নেই এবং গাড়ি ঢোকা কঠিন। তাই সাদা পোশাকে পুলিশ বাইক ও সাইকেল নিয়ে ওই অঞ্চলে তল্লাশি চালাচ্ছে। এমনকি ড্রোনের মাধ্যমেও নজরদারি শুরু হয়েছে।

এদিকে, নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পুলিশের আশা, পলাতক দুই অভিযুক্তকেও খুব শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে। গোটা ঘটনার তদন্তে এখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.