দেশস্বাস্থ্য

বিষাক্ত কফ সিরাপ কাণ্ডে বড় পদক্ষেপ, বন্ধ হচ্ছে সংস্থা!

‘কোল্ডরিফ’ নামে এক কফ সিরাপ খেয়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। মধ্যপ্রদেশ ও রাজস্থানে এই সিরাপ খাওয়ার পর ২০ জনেরও বেশি শিশু মারা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। তদন্তে দেখা গেছে, ওই ওষুধে ভয়ঙ্কর রাসায়নিক ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে, যা কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এর জেরে সোমবার তামিলনাড়ু সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। ‘স্রেসান ফার্মাসিউটিক্যাল কোম্পানি’, যারা ‘কোল্ডরিফ’ তৈরি করত, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং সংস্থাকে সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সংস্থার মালিক এস. রঙ্গনাথনকে পুলিশ গ্রেপ্তার করেছিল।

স্বাস্থ্য দফতরের রিপোর্টে বলা হয়েছে, ওই সিরাপে প্রায় ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে—যার উপস্থিতি প্রাণঘাতী। প্রথমে সামান্য জ্বর, তারপর আচমকা কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসক মহল।

ঘটনার পর থেকেই কেন্দ্রীয় সরকার সক্রিয় হয়েছে। কেন্দ্রের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছে, প্রতিটি ওষুধের মান যাচাই বাধ্যতামূলক করতে।

এদিকে, ঘটনার ন্যায়বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। তাঁর দাবি—একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে গোটা বিষয়ে সিবিআই তদন্ত হোক।

দেশজুড়ে শিশুদের মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা আবারও প্রশ্ন তুলেছে—ওষুধ তৈরির মাননিয়ন্ত্রণ কি সত্যিই সুরক্ষিত?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.