অবশেষে বিদায় নিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বাংলা সহ উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকেই এদিন মৌসুমি বায়ুর বিদায় ঘোষণা করা হয়েছে। এর ফলে আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— কোনও জেলাতেই বর্ষার শেষ বৃষ্টিও মিলবে না। আকাশ থাকবে বেশিরভাগ সময়ই পরিষ্কার। যদিও কিছু এলাকায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে। ফলে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও, সকালে ও রাতে হালকা ঠান্ডার ইঙ্গিত মিলবে।
বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে রাজ্যে শুরু হচ্ছে হাওয়া বদলের সময়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পরিবর্তে এবার প্রবেশ করবে উত্তর-উত্তর পশ্চিম দিকের শীতল ও শুষ্ক হাওয়া। তবে বাতাসে আপাতত জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাৎক্ষণিকভাবে তীব্র ঠান্ডা পড়বে না।
তবে স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৫ অক্টোবর ভোরের দিকেই দক্ষিণ আন্দামান সাগরে, ইন্দিরা পয়েন্টের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে অগ্রসর হয়ে ক্রমশ বঙ্গোপসাগরের ওপর শক্তি সঞ্চয় করবে এবং পরবর্তী সময়ে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে পারে বলে আশঙ্কা।
যদি এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়, তাহলে অক্টোবরের শেষ সপ্তাহেই ফের সক্রিয় হতে পারে বর্ষা-পরবর্তী ঘূর্ণিঝড় পরিস্থিতি।







