খেলাধুলা

সুদীপের দুর্দান্ত ইনিংসে লিডে বাংলা, রনজির প্রথম ম্যাচে জয় দেখছে ঈশ্বরণের দল

ইডেনের সবুজ ২২ গজে দ্বিতীয় দিনের শেষে রণজি ট্রফিতে শক্ত অবস্থানে বাংলা। উত্তরাখণ্ডের ২১৩ রানের জবাবে বাংলার স্কোর ৬ উইকেটে ২৭৪। ফলে প্রথম ইনিংসে ৬১ রানের লিড নিয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল। দিনের নায়ক নিঃসন্দেহে সুদীপ চট্টোপাধ্যায়—মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তাঁর ইনিংসই বাংলাকে স্থিতি ও আত্মবিশ্বাস এনে দিয়েছে।

সকালে ৮/১ অবস্থায় খেলা শুরু করে বাংলা। শুরুর দিকেই ধাক্কা খায় দল। দ্রুত ফিরে যান সুদীপ ঘরামি (১৫) ও অনুষ্টুপ মজুমদার (৩৫)। অভিষেক পোড়েলও বড় ইনিংস খেলতে পারেননি, ২১ রানে আউট হন। ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে তখন কার্যত চাপে বাংলা। ঠিক তখনই অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায় এবং তরুণ সুমন্ত গুপ্ত জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন।

দু’জনের মধ্যে ১৫৬ রানের দারুণ জুটি বাংলাকে ম্যাচে ফেরায়। সুদীপের ২৬৪ বলের ইনিংসে ১২টি বাউন্ডারি ছিল, যা ক্লাসিক টেস্ট ব্যাটিংয়ের নিদর্শন। ৯৮ রানে আউট হওয়ার সময় দলকে ৪১ রানের লিড এনে দেন তিনি। অন্য প্রান্তে অনবদ্য সুমন্ত গুপ্ত দিনের শেষে ৮২ রানে অপরাজিত, ১৪৯ বলে সাজানো তাঁর ইনিংসে রয়েছে ৭টি বাউন্ডারি।

শুক্রবার সকালে বাংলার লক্ষ্য থাকবে আরও বড় লিড তোলা। সুমন্তকে সঙ্গ দেবেন পেসার মহম্মদ শামি ও আকাশ দীপ। লিড যত বাড়বে, উত্তরাখণ্ডের বিপক্ষে জয় ততই নিশ্চিত হবে। রনজি মরশুমের সূচনায় এমন মজবুত শুরু বাংলার শিবিরে জাগিয়েছে নতুন আশার আলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.