খেলাধুলা

শুভমনের কাঁধে ভারতের ভবিষ্যৎ, বুমরাহর ফিটনেস নিয়ে সজাগ গুরু গম্ভীর

নতুন যুগের শুরু ভারতীয় ক্রিকেটে। ইংল্যান্ড সিরিজে অধিনায়ক হিসাবে টেস্টে অভিষেক হচ্ছে শুভমন গিলের। তরুণ এই ব্যাটারের নেতৃত্ব নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনই রয়েছে আশার রেশ। কিন্তু শুভমনের মতে, এই যাত্রার মূল ভিত তৈরি হয়েছে দুই মহারথীর হাত ধরে— রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছ থেকে পাওয়া শিক্ষা থেকেই তৈরি তাঁর নেতৃত্বের দর্শন। সেই সঙ্গে বুমরাহকে ঘিরে উদ্বেগের মেঘও খানিকটা সরিয়ে দিলেন তিনি।

‘স্কাই স্পোর্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে শুভমন খোলাখুলি জানান, “বিরাট ভাইয়ের নেতৃত্বে মাঠে ওর দৃষ্টিভঙ্গি, মুহূর্তে সিদ্ধান্ত বদলের ক্ষমতা, আর বোলারদের সঙ্গে ওর যোগাযোগ আমার ভীষণ ভালো লাগত। ওর অনেক বিষয় আমি নিজে রপ্ত করার চেষ্টা করছি।” অন্যদিকে, রোহিত সম্পর্কে তাঁর মূল্যায়ন ছিল আরও গভীর। শান্ত স্বভাবের এই অধিনায়ক যে কৌশলগত দিক থেকে কতটা আগ্রাসী ছিলেন, সে কথাও তুলে ধরেন শুভমন।

তিনি বলেন, “রোহিত ভাই ম্যাচের আগে, সিরিজ চলাকালীন এবং পরে পুরোপুরি পরিষ্কার থাকত নিজের ভাবনায়। সতীর্থদের সঙ্গে সে ভাবনা ভাগ করে নিতে দ্বিধা করত না। এমনকি বকাঝকাও করলেও সেটা কখনও নেতিবাচক লাগত না। দলের পরিবেশে একরকম আত্মবিশ্বাস দিত ও।” শুধু তাই নয়, রোহিতের সঙ্গে ভবিষ্যতের ভারতীয় দল কেমন হওয়া উচিত, সে বিষয়েও আলোচনা করেছেন বলে জানান শুভমন।

অন্যদিকে, বুমরাহকে ঘিরে বিশ্রামের পরিকল্পনা নির্দিষ্ট করে রাখা হয়নি বলেই জানান গিল। “আমরা এক ম্যাচ ধরে পরিকল্পনা করব। বৃষ্টি, পিচ কন্ডিশন কিংবা খেলোয়াড়দের শারীরিক অবস্থা— সবকিছু বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে,” জানান তিনি। সব মিলিয়ে, নতুন নেতৃত্বে পুরনো শিক্ষার ছাপ স্পষ্ট। শুভমনের হাতে ভারতের ভবিষ্যৎ, আর তাতে ছায়া ফেলে রইলেন রোহিত-কোহলির মতো দুই মহানায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.