রাজ্য

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১১ জনের, তদন্তে পুলিশ

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভোররাতে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে তিনটার সময় চিনাটেকুর এলাকার কাছে একটি বেসরকারি ট্রাভেলস বাসের সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। ফলে ঘটনাস্থলেই অন্তত ১১ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সরকারি সূত্রে খবর, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আগুনের তীব্রতায় বহু দেহ পুড়ে যাওয়ায় মৃতদের পরিচয় নির্ধারণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বাসের সামনের দিক থেকে আগুন ছড়িয়ে পড়ে, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তা পুরো গাড়িটিকে গ্রাস করে ফেলে। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। শেষমেশ প্রায় ১২ জন যাত্রী জানালা ও দরজা ভেঙে কোনওভাবে বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কুরনুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল বলে জানা গেছে। প্রাথমিক অনুমান, সেই কারণেই রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল, যার ফলে সংঘর্ষ ঘটে থাকতে পারে। তবে ঠিক কীভাবে বাসে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফলে হতাহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকাজে অতিরিক্ত দমকল বাহিনী পাঠিয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, এবং দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.