গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত বাংলার মানুষের। পাশাপাশি দেশের মধ্যে পূর্বের রাজ্যগুলিতে চলছে গরমের অস্থিরতা। তবে কাশ্মীরে চলছে প্রবল বৃষ্টিপাত। এছাড়াও বিভিন্ন জায়গায় নেমেছে ভূমিধস। প্রাকৃতিক বিপর্যয়ের কারনে প্রাণ হারিয়েছে ২২ জন।
গ্রীষ্মের তাপে অস্থির হয়ে উঠেছে ভারতবর্ষের পূর্ব রাজ্যের মানুষ। সেই সময় জলে ভাসছে গোটা কাশ্মীর। প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে বারামুলা, কিশতওয়াড় এবং রিয়াসি জেলার বিভিন্ন এলাকায়। প্রবল বৃষ্টিপাতের ফলে ভেসে যায় ১২টি বাড়ি। কুপওয়াড়ার বেশ কিছু অংশে দেখা গিয়েছে হড়পা বান। পাশাপাশি কাশ্মীরের সঙ্গে দেশের অন্যান্য অংশে সংযোগ রক্ষাকারী জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নেমেছে। টানা ২দিন চলছে এই বিপর্যয়। বিভিন্ন স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও জলস্তর বেড়েছে একাধিক জলাশয়গুলিতে। সেই কারণে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এমনকি আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিশতওয়াড়ে জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি উত্তর-মধ্য কাশ্মীরে তুষার ধসের আশঙ্কা বেড়েছে। আজ কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।







