বাংলায় প্রচারে এসে রাজ্যের বিরুদ্ধে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ায় সরাসরি অভিযোগের সুর তোলেন কেন্দ্রের বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে এদিনই কিছুক্ষন পরেই মালদহের হরিশ্চন্দ্রপুরে দলীয় প্রার্থীর প্রচার সভায় তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন অমিত শাহকে।
তিনি সাফ জানান,তাঁর আমলের কেন্দ্রের দেওয়া বরাদ্দের কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ খরচের হিসেব দেওয়া বাকি নেই। তার পাশপাশি তিনি মন্তব্য করে বলেন মিথ্যে ভাষণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।
সভামঞ্চ থেকে তোপ দেগে মমতা বলেন, “বিজেপি খবর পেয়েছে, ভোট কমে গিয়েছে। কমিশনের কাছ থেকে খবর পেয়েছে ওরা। তাই এখন ওরা ভয় পেয়েছে। বিজেপির বুক দুরদুর করছে ভয়ে। মোদিবাবুর নামে আর ভোট হচ্ছে না। তাই এখন গলাবাজি কমে এসেছে।”
অপরদিকে মমতা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন,কেন্দ্রের দেওয়া ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি বাংলা। এবং মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে বলেন,তাঁর আমলের কেন্দ্রের দেওয়া বরাদ্দের কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া বাকি নেই। আগের আমলের দায় মমতা নেবেন না। কিন্তু তৃণমূল আমলের সব হিসেব দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বাংলার বরাদ্দ দেয়নি। দেয়নি আবাসের টাকাও। প্রাপ্য দেয়নি ১০০ দিনের কাজ করিয়ে।রাজ্য সরকারই ১০০দিনের টাকা দিয়েছে গরিব মানুষকে। কর্মশ্রী প্রকল্প করেছে। টাকাও দেওয়া হবে আবাসের। বিজেপিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাই ওরা হিংসায় জ্বলছে, তাই লুচির মতো ফুলছে।” মমতা বলেন, “বাংলায় এসে মিথ্যে ভাষণ দেওয়ার জন্য অমিত শাহর ক্ষমা চাওয়া উচিত”।
মালদহে নতুন করে পরিবর্তনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সারা বছর বিজেপি সঙ্গে থাকে না। ভোটের সময় আসে টাকা দিতে। ওদের বলুন পাঁচ থেকে ১০ হাজারে চলবে না। ওতে ভোট হয় না। আগে গত বারের ১৫ লক্ষ টাকার হিসাব দিন। সারা বছর কোনও খবর নেই, তোমার দেখা নেই। তাই চলুন বদলাই, চলুন পাল্টাই! দিল্লিতে বিজেপিকে তাড়াতে হবে।”







