নিজস্ব সংবাদদাতা: উত্তর ভারতের সঙ্গে কলকাতার সরাসরি সংযোগ আরও মজবুত করতে এগিয়ে এল কেন্দ্র। বারাণসি-কলকাতা এক্সপ্রেসওয়ে (Baranashi-Kolkata Express) প্রকল্পে এবার যুক্ত হতে চলেছে একটি নতুন সেতু। কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।
প্রায় ৬২০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি হয়ে কলকাতায় প্রবেশ করবে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা, যার সম্পূর্ণ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের দায়িত্ব থাকবে জমি চিহ্নিত করা এবং স্থানীয় পর্যায়ে পরিকাঠামোগত সমন্বয়ের কাজ।
সূত্রের খবর, রাজ্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। নতুন সেতুটি বাটানগর, বজবজ বা বন্দরের আশপাশে তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। তবে চূড়ান্ত স্থান নির্ধারণের আগে পরিবেশ ও প্রযুক্তিগত সমীক্ষা সম্পন্ন করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই সেতু তৈরি হলে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসবে। বর্তমানে বম্বে রোড (NH-16)-এ ভারী পণ্যবাহী যানবাহনের যে চাপ রয়েছে, তা অনেকটাই কমবে। এর ফলে কলকাতা বন্দরের মাধ্যমে পণ্য পরিবহণ আরও দ্রুত ও কার্যকর হবে।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ হলে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল ও বন্দরের সঙ্গে উত্তর ভারতের সংযোগ আরও শক্তিশালী হবে। এতে সময় ও খরচ—উভয়ই কমবে।”
শিল্পমহলের ধারণা, প্রকল্পটি কার্যকর হলে হুগলি-বাঁকুড়া-মেদিনীপুরের শিল্প বেল্টে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি, ভবিষ্যতে একাধিক লজিস্টিক হাব ও ওয়্যারহাউজ গড়ে উঠতে পারে, যা কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সূত্র মারফত জানা গিয়েছে, জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ ও স্থানীয় পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব থাকবে রাজ্যের হাতে, আর নির্মাণের খরচ ও প্রকল্প তদারকির দায়িত্ব নেবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরের শুরুতেই বারাণসি-কলকাতা এক্সপ্রেসওয়ে (Baranashi-Kolkata Express)-এর কাজ শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।







