খেলাধুলা

ইডেনে মহারণের আগে কলকাতায় শুভমন-বুমরা-গম্ভীর, শুরু টেস্ট যুদ্ধের দামামা!

নিজস্ব সংবাদদাতা: ভারতের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে তাঁর হাত ধরে। টেস্ট দলের নতুন অধিনায়ক হিসাবে জীবনের প্রথম পরীক্ষা দিয়ে এসেছেন ইংল্যান্ডের মাটিতে। সিরিজে পিছিয়ে থেকেও ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে সিরিজ ড্র করে ফিরেছেন শুভমন গিল। সেই সফরের পর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেস্ট অধিনায়ক হিসাবে তাঁর প্রতিপত্তি আরও সুদৃঢ় হয়েছে।

এবার সেই শুভমন গিলের সামনে নতুন এক চ্যালেঞ্জ। ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে বিরাট কোহলির মতোই ‘কিং’-এর মর্যাদা পেয়েছেন গিল। আর এবার সেই রাজপাট সামলাতে নামছেন ইডেনে। যেখানে একসময় স্টিভ ওয়ের অশ্বমেধের ঘোড়াকে রুখে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া। ইতিহাসে লেখা সেই অধ্যায়ের মতোই, এবার কি নতুন ইতিহাস রচনার সাক্ষী হবে কলকাতা?

ইডেন টেস্টের চার দিন আগে, সোমবার রাতে কলকাতায় পৌঁছলেন ভারতের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক শুভমন গিল। সোজা অস্ট্রেলিয়া থেকে। তাঁর সঙ্গে ছিলেন ভারতের পেস আক্রমণের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরা এবং স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। সঙ্গে গুরু গৌতম গম্ভীরও। রবিবার ব্রিসবেনে শেষ হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে শেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হলেও, পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। ওয়ান ডে সিরিজে পরাজয়ের মধুর প্রতিশোধ সম্পূর্ণ হয় সেই জয়ের মাধ্যমেই।

টি-২০ সিরিজের পর সোমবার রাতেই কলকাতায় পা রাখেন শুভমনরা। মূলত ঠিক ছিল, অস্ট্রেলিয়া সিরিজে থাকা চারজন টেস্ট দলের ক্রিকেটারই ওই রাতে শহরে পৌঁছবেন। তবে ব্যক্তিগত কাজের কারণে অক্ষর পটেল এখনও দলের সঙ্গে যোগ দেননি। তিনি পরে যুক্ত হবেন টেস্ট স্কোয়াডে।

ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে সোমবার গভীর রাতেও কলকাতা বিমানবন্দরের বাইরে উপচে পড়ে জনতা। শুভমন গিলকে এক নজর দেখতে ভিড় জমে ক্রিকেটপ্রেমীদের। তাঁকে দেখেই ‘শুভমন, শুভমন’ ধ্বনি ওঠে। যদিও গম্ভীরের শিষ্য মুখে ক্লান্তির ছাপ নিয়ে নির্লিপ্তভাবেই গাড়িতে ওঠেন। অন্যদিকে, বেশ খোশমেজাজে দেখা যায় বুমরাকে। সমর্থকদের উদ্দেশে হাত নাড়িয়ে তিনি জানালেন ধন্যবাদ।

এদিকে, দলের বাকি ক্রিকেটাররা মঙ্গলবার সকালেই কলকাতায় পৌঁছবেন। তারপর থেকেই শুরু হবে অনুশীলন। ইডেন গার্ডেন্সেই শুরু হবে শুভমনদের টেস্ট প্রস্তুতি।
এবার সেই ঐতিহাসিক মাঠে নতুন অধিনায়ক শুভমন গিল কি ভারতের টেস্ট ক্রিকেটে সাফল্যের নতুন অধ্যায় লিখতে পারবেন? উত্তরের অপেক্ষায় গোটা দেশ, আর বিশেষ করে কলকাতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.