ইডেনে দক্ষিণ আফ্রিকার কাছে হারের রেশ কাটার আগেই ভারতীয় ক্রিকেট শিবিরে বড় ধাক্কা। বুধবার যখন দল কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে, তখন ভারত অধিনায়ক শুভমন গিল তাঁর সতীর্থদের সঙ্গে যেতে পারছেন না। তীব্র ঘাড়ের ব্যথার কারণে তাঁকে আপাতত কলকাতাতেই বিশ্রামে থাকতে হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় দল ইতিমধ্যেই তরুণ ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডিকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে। শুভমনের চোটের শুরুটা হয়েছিল ইডেন টেস্ট চলাকালীনই। শনিবার ঘুম থেকে ওঠার পরেই তিনি ঘাড়ে ব্যথা অনুভব করেন। ব্যথা কমানোর ওষুধ খেয়েও বিশেষ ফল না মেলায় ব্যাট করতে নামার আগেও তিনি ওষুধ খেয়েছিলেন। কিন্তু তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়েই ঘাড়ে ব্যথা আবার বেড়ে যায়। সমস্যা এতটাই বেশি ছিল যে ঘাড় ঘোরানোই যাচ্ছিল না। এরপরই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে এমআরআই-তে ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। বোর্ড সূত্র জানিয়েছে, এক বছর আগেও তাঁর একই ধরনের চোট হয়েছিল।
ঘাড়ের তীব্র ব্যথার কারণে শুভমন মঙ্গলবার ইডেন গার্ডেন্সে দলের ঐচ্ছিক অনুশীলনেও যোগ দিতে পারবেন না। বোর্ড সূত্র জানিয়েছে, এখনই তাঁর চোটের বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। তবে আপাতত তিন-চার দিনের বিশ্রাম এবং একটানা ‘নেক কলার’ ব্যবহার করা বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে এখনই গুয়াহাটি যাওয়া সম্ভব নয়। বোর্ডের চিকিৎসকরা প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুভমন টিম হোটেলে ফেরেন। যদিও হাসপাতালে শুয়েই দলের হার দেখার অভিজ্ঞতা তাঁর জন্য ছিল আরও কষ্টের। তাঁর অনুপস্থিতিতে দুই ইনিংসেই ১০ জন নিয়ে ব্যাট করতে হওয়ায় দল আড়াই দিনে হেরে যাওয়ায় অধিনায়ক মানসিকভাবে ভেঙে পড়েছেন। হয়তো তিনি ভাবছিলেন, তিনি থাকলে খেলার ফল অন্য হতে পারত।রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে শুভমনকে দেখতে গিয়েছিলেন। সৌরভের সঙ্গে কথা বলার সময় শুভমন জানান, হাসপাতালে তাঁর দমবন্ধ লাগছিল এবং এই কঠিন সময়ে তিনি দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তাঁর অনুরোধেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।







