বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃতের চোখ চুরির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়াল। এই বিক্ষোভেই আটকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী নিজেই মৃতের পরিবারের সদস্যদের ডেকে কথা বলেন এবং চাকরি-সহ আর্থিক সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি কঠোর তদন্তের নির্দেশ দিয়ে দোষী প্রমাণিত হলে কঠোরতম শাস্তির বার্তাও দেন তিনি।
মৃত প্রীতম ঘোষ (৩৫), কাজীপাড়ার নেতাজিনগর এলাকার বাসিন্দা। স্থানীয় একটি দোকানে কাজ করতেন, পাশাপাশি অনলাইন বুকিং বাইক চালাতেন। সোমবার ভোরে কাজীপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডে একটি ছোট মালবাহী গাড়ি তাঁকে ধাক্কা দিলে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর ময়নাতদন্তের জন্য দেহ মর্গে রাখা হয়। পরিবারের অভিযোগ, দুপুরে দেহ নিতে গেলে তাঁদের নজরে আসে মৃতের চোখে রাখা তুলসী পাতা। সন্দেহ হলে তুলসী পাতা সরাতেই দেখা যায় একটি চোখ নেই। অভিযোগ ওঠে—এটি ইঁদুরের কামড় নয়, বরং অঙ্গ পাচার চক্রের কাজ।
মৃতের এক আত্মীয়া বলেন, “আমরা দেহ নেওয়ার সময় দেখি একটি চোখ নেই। হাসপাতাল বলছে ইঁদুর নাকি খেয়ে দিয়েছে! যদি তাই হত, চিহ্ন থাকত। এখানে অঙ্গ পাচার চলছে।”
এই সময় বনগাঁ থেকে কলকাতায় ফেরার পথে ওই বিক্ষোভে আটকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারকে আশ্বস্ত করে তিনি জানান, “মর্মান্তিক ঘটনা। তদন্তের নির্দেশ দিলাম। যদি কেউ করে থাকে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে। পরিবার বিচার পাবে।”
মৃতের পরিবারের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন—
মুখ্যমন্ত্রীর কোটায় মৃতের মায়ের চাকরির ব্যবস্থা করা হবে।
প্রথম এক বছর মাসিক ১০ হাজার টাকা বেতন পাবেন, পরবর্তীতে স্থায়ী নিয়োগ।
দুই দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বায়োডাটা সংগ্রহ করা হবে, বৃহস্পতিবারের মধ্যেই নিয়োগপত্র পৌঁছে দেওয়া হবে।
এছাড়াও উপস্থিত পুলিশ প্রশাসনের কর্তাদের মৃতের পরিবারের বাড়ির ঠিকানা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনার পর মর্গের নিরাপত্তা, চিকিৎসা পরিষেবা এবং অঙ্গ পাচার চক্রের সম্ভাব্য সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে কী উঠে আসে, এখন তাকিয়ে রাজ্যবাসী।







