কোচবিহারের সভা থেকেই এসআইআর নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পর দিনই হুঙ্কার শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়ও। তার সাফ কথা, SIR এর নামে NRC করতে দেওয়া হবে না । পাশাপাশি মমতার গুণগানও গাইলেন তিনি । বলে দিলেন , আসন্ন নির্বাচনে , তৃণমূলের জয়ের সিট সংখ্যাও। অনুব্রত মণ্ডলের কথায় ২৩০-২৩৫ আসনে জয়লাভ করে আগামী বিধানসভা নির্বাচনে ফের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় ।
অনুব্রত মণ্ডলের কথায় , “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে,মুখ্যমন্ত্রী না হলে আমাদের রাজ্যে অন্ধকার নেমে আসবে। কালো দিন নেমে আসবে। সেই ভুলটা আমরা কেউ করব না। আমরা আবার তাঁকে ছাব্বিশের ভোটে জিতিয়ে আনব।” তারপরেই বিরোধীদের চ্যালেঞ্জ অনুব্রতর । বলেন , “যতই তোমরা লাগো তোমরা পারবে না, চ্যালেঞ্জ করলাম। ২৩০ থেকে ২৩৫ ভোটে বনগাঁ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবেন।”
এদিন এসআইআর এনআরসি নিয়ে সুর চড়িয়ে, অনুব্রত বলেন , “এসআইআরের পর এনআরসি করে পশ্চিমবঙ্গের ২ কোটি মানুষকে জেলে রেখে ওরা ভাবছে পশ্চিমবঙ্গ দখল করব। সে গুড়ে বালি। জীবনে হবে না। এখানে কোনও রোহিঙ্গা, বাংলাদেশি, ময়ানমারের লোক নেই। তুমি কী করে বাদ দেবে! আমাদের এই মাটিতে জন্ম, এই মাটিতেই মরব। তোমরা এসআইআর করলেও আমরা ভয় পাই না।”







