তারকেশ্বরে শিশুদের ভিটামিন সিরাপকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। দু’মাসের এক নবজাতকের জন্য কেনা সিল করা ভিটামিন সিরাপের বোতল খুলতেই ভেতরে মাকড়সার মতো একটি পোকা ভাসতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরের একটি নার্সিংহোমের চিকিৎসক ওই নবজাতকের জন্য ভিটামিন সিরাপটি প্রেসক্রাইব করেন। শিশুটির বাবা অশোক বসাক স্থানীয় একটি ফার্মেসি থেকে সিরাপটি কেনেন। খাওয়ানোর আগে শিশুটির মা পায়েল বসাক বোতলের ভেতরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখেন। ভালো করে লক্ষ্য করতেই দেখা যায়, সিরাপের মধ্যে একটি পোকা রয়েছে। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন দম্পতি।
পায়েল বসাক বলেন, “খাওয়ানোর আগে না দেখলে বড় বিপদ হয়ে যেত। এমন ওষুধ শিশুকে খাইয়ে দিলে কী হতে পারত, তা ভাবতেই ভয় লাগছে।” এরপর অশোক বসাক সিরাপের বোতল নিয়ে সংশ্লিষ্ট ফার্মেসিতে যান এবং বিষয়টি জানান। পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ দায়ের করা হয়।
ফার্মেসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে। তারা তদন্তে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। তারকেশ্বরের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ হানিফ জানান, আপাতত ওই ভিটামিন সিরাপের বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করে তা উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।
এদিকে স্থানীয় নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কথা শিশু চিকিৎসকদের জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত ওই ভিটামিন সিরাপ আর প্রেসক্রিপশনে লেখা হবে না। শিশুদের ওষুধের গুণমান ও নিরাপত্তা নিয়ে এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে।







