দেশ

এক যুগের অবসান: বিদায় নিলেন ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র রূপকার রাম সুতার

ভারতের মাটি থেকে আকাশছোঁয়া সব মূর্তির নেপথ্যে যাঁর কারিগরি ছিল, সেই মানুষটি আজ চিরবিদায় নিলেন। বুধবার মাঝরাতে ১০০ বছর বয়সে নয়ডার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি ভাস্কর রাম ভি সুতার। বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, আর শেষ পর্যন্ত শতায়ু পূর্ণ করেই পাড়ি দিলেন না ফেরার দেশে। তাঁর ছেলে অনিল সুতার বৃহস্পতিবার সকালে বাবার প্রয়াণের খবরটি সকলকে জানান। তিনি বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর মধ্যরাতে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন।” তাঁর এই চলে যাওয়ায় ভারতের শিল্পকলা জগতের একটি বিশাল স্তম্ভ ধসে পড়ল।

আজ আমরা যখন গুজরাটের নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে সর্দার প্যাটেলের সেই আকাশচুম্বী ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দেখি, তখন অজান্তেই এই মানুষটির সৃজনশীলতার কথা মনে পড়ে। শুধু ওই মূর্তিটিই নয়, সংসদ ভবনের সামনে মহাত্মা গান্ধীর বিখ্যাত ধ্যানমগ্ন মূর্তিটিও তাঁরই হাতে গড়া। পাথর আর ধাতুকে কথা বলানোর অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর।
এই দুঃসংবাদ পেয়ে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাম সুতারজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি এমন একজন শিল্পী ছিলেন যাঁর নিপুণ ছোঁয়ায় ভারত ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র মতো গৌরবময় নিদর্শন পেয়েছে। তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে ভারতের সংস্কৃতি আর ইতিহাস সবসময় জীবন্ত হয়ে থাকবে।”

ভারতের শিল্প মহলে রাম সুতার কেবল একজন ভাস্কর ছিলেন না, তিনি ছিলেন আস্ত একটা ইতিহাস। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান ঘটল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.