ফের হলিউডে অকালমৃত্যু ঘিরে চাঞ্চল্য। প্রয়াত ‘ইট: চ্যাপ্টার ২’, ‘দ্য ওয়্যার’, ‘সিনিস্টার’ খ্যাত অভিনেতা জেম্স রেনসোন। বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে অভিনেতার। প্রাথমিক তদন্তে কোনও খুনের তত্ত্ব বা বাইরের হস্তক্ষেপের ইঙ্গিত মেলেনি বলেই জানিয়েছে পুলিশ।
১৯ ডিসেম্বর অভিনেতার বাড়ি থেকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লস অ্যাঞ্জেলেস পুলিশ। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই দেহ উদ্ধার করা হয়। জেম্সের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হলিউড। সহকর্মী থেকে অনুরাগী— সকলেই সমাজমাধ্যমে শোকপ্রকাশ করছেন।
অভিনেতার মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অন্ধকার অধ্যায়। জানা যাচ্ছে, মৃত্যুর ঠিক দু’দিন আগে জেম্সের স্ত্রী জেমি ম্যাকফি ‘ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস’-এর সমর্থনে একটি তহবিল সংগ্রহের পোস্ট করেছিলেন। সেই পোস্ট ঘিরেই এখন প্রশ্ন উঠছে, শেষ কয়েক দিন ধরে কি মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা?
জেম্স রেনসোন অতীতেও একাধিকবার মানসিক ও শারীরিক লড়াইয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন। ২৭ বছর বয়সে হেরোইন আসক্তির কবলে পড়েন তিনি। সেই সময় বিপুল আর্থিক দেনার বোঝাও চাপেছিল তাঁর ওপর। তবে ২০০৬ সালের পর ধীরে ধীরে মাদকাসক্তি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেন অভিনেতা। ২০২১ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, শৈশবে নিজের অঙ্কের শিক্ষকের দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। ওই ঘটনার অভিযোগ তিনি ২০২০ সালে বাল্টিমোর পুলিশের কাছে দায়ের করলেও, তাতে কোনও আইনি পদক্ষেপ হয়নি বলে জানিয়েছিলেন জেম্স।
স্ত্রী জেমি ও দুই সন্তানকে রেখে গেলেন অভিনেতা। ‘দ্য ব্ল্যাক ফোন’, ‘ওল্ড বয়’, ‘কেন পার্ক’, ‘দ্য লাই’, ‘দ্য সান অফ নো ওয়ান’-এর মতো একাধিক উল্লেখযোগ্য ছবিতে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটে থাকবে। তবে কেন এমন চরম সিদ্ধান্ত— সেই প্রশ্নের উত্তর এখনও অধরাই।







