রাজ্য

হাড়কাঁপানো শীতের মাঝেই বার্ড ফ্লু-র থাবা, দক্ষিণ ভারতের দুই রাজ্যে জারি হাই অ্যালার্ট

দেশজুড়ে শীতের আমেজ বাড়ার সঙ্গেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। বিশেষ করে দক্ষিণ ভারতের দুই রাজ্য কেরল এবং তামিলনাড়ুতে নতুন করে এইচফাইভ-এনওয়ান (H5N1) ভাইরাসের হদিস মিলেছে। বেশ কিছু এলাকায় পোলট্রি মুরগির অস্বাভাবিক মৃত্যুর খবর আসতেই প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

কেরলের আলাপ্পুজা ও কোট্টায়াম জেলায় সংক্রমণ সবথেকে বেশি দেখা দিয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুর নামাক্কাল জেলায় প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। উল্লেখ্য, এই নামাক্কাল জেলাটি ভারতের অন্যতম প্রধান ডিম উৎপাদনকারী কেন্দ্র, যেখানে প্রায় দেড় হাজার পোলট্রি খামার রয়েছে। এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ ডিম দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। সংক্রমণের খবর পাওয়ামাত্রই পোলট্রি ফার্মগুলোতে মুরগির স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রোগটি অত্যন্ত সংক্রামক। কেবল হাঁস-মুরগিই নয়, পরিযায়ী পাখি বা গবাদি পশুর মাধ্যমেও এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সবথেকে উদ্বেগের বিষয় হলো, পশুপাখির সংস্পর্শে থাকা মানুষের শরীরেও এই ভাইরাস বাসা বাঁধতে পারে। মানুষের ক্ষেত্রে সাধারণত তীব্র জ্বর বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলেও, সঠিক সময়ে চিকিৎসা না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।

প্রশাসনের তরফ থেকে পশুপালক ও কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খামারে পশুপাখির বর্জ্য পরিষ্কার করার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সংক্রমণ এখনও নির্দিষ্ট কিছু জেলার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, তবে শীতের এই সময়ে তা যাতে মহামারি আকার ধারণ না করে, তার জন্য কোমর বেঁধে নেমেছে সংশ্লিষ্ট দফতরগুলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.