I-PAC এর কর্তা প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। ইডির অফিসারদের তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে প্রবেশ করেন সিপি মনোজ ভার্মা ও তার কিছুক্ষণের মধ্যে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়িতে ঢোকার সময় খালি হাতে থাকলেও , বাড়িতে বেরোনোর সময় তার হাতে সবুজ ফাইল দেখা যায়। সূত্রের খবর, দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় ইডির আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে।
I-PAC কর্ণধারের বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন মূখ্যমন্ত্রী । কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, কেন্দ্র সরকার তৃণমূলের স্ট্র্যাটেজি , আগামী নির্বাচনের প্রার্থী তালিকা, যাবতীয় প্ল্যানিংয়ের হার্ড ডিস্ক হাতিয়ে নিতে চায় । একদিকে প্রতীক জৈনের বাড়িতে মূখ্যমন্ত্রী বিজেপি সরকারের বিরুদ্ধে নানান ভাষায় আক্রমণ করলেন , অন্যদিকে বিরোধী দলনেতার দাবি , ইডির উচিত আইন মেনে মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।
বিরোধী দলনেতা বলেন ,“মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছে। ২০২১ সালে তিনি নিজাম প্যালেসে ধরনা দিয়েছিলেন। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্রদের গ্রেফতারির প্রতিবাদে। এর আগে যখন সারদা মামলায় রাজীব কুমারের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় আধিকারিকরা, তিনি সিপিকে নিয়ে ধরনায় বসেছিলেন কলকাতায়। ধর্মতলায় ধরনায় বসেন।”
তিনি আরো বলেন , “মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপ ও তদন্তে বাধা দান। একজন মুখ্যমন্ত্রী কেবল একজন রাজনৈতিক নেতা নেত্রীই নন, তিনি একজন প্রশাসনিক প্রধান। ইডি নিশ্চয়ই ক্ষমতাবলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমার মনে হয়েছে। আইনের মধ্যে থেকেই ব্যবস্থা নেবেন।” শুভেন্দুর কথায়, “আমি মুখ্যমন্ত্রী ও সিপির যাওয়াটাকে মনে করি অসাংবিধানিক, অনৈতিক। তদন্তে সরাসরি বাধাদান।”







