বাংলার গর্বে ফের এক নতুন সংযোজন। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার সঙ্গে একাত্ম হয়ে থাকা সকলের প্রিয় ‘বুম্বা’কে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
এর আগেও জাতীয় ও রাজ্যস্তরের একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। ২০০৬ সালে ‘দোসর’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মান লাভ করেন। তবে পদ্মশ্রী সম্মান তাঁর দীর্ঘ ও বৈচিত্র্যময় কেরিয়ারের এক অনন্য স্বীকৃতি বলেই মনে করছেন চলচ্চিত্র মহল।
কমার্শিয়াল সিনেমা থেকে শুরু করে সমান্তরাল ধারার ছবি—সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। কখনও ‘মনের মানুষ’, কখনও ‘ভবানী পাঠক’, আবার কখনও জনপ্রিয় ‘কাকাবাবু’—প্রতিটি চরিত্রেই নিজস্ব সত্তা ও গভীরতা এনে দিয়েছেন প্রসেনজিৎ। একই সঙ্গে ‘অরুণ চ্যাটার্জি’-র মতো চরিত্রে তাঁর সংবেদনশীল অভিনয়ও দর্শকের মনে স্থায়ী দাগ কেটেছে।
এই সম্মান শুধু একজন অভিনেতার প্রাপ্তি নয়, বরং বাংলা সিনেমারই উদযাপন। কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরই সিনেমাকে নিজের জীবনের কেন্দ্রে রেখেছেন। সাম্প্রতিক সময়েও ছবির প্রচারে, শুটিংয়ে কিংবা নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে তাঁর ক্লান্তি চোখে পড়েনি—ভাবনায়, আলোচনায় সব সময়ই সিনেমা।
এ বছর পদ্ম পুরস্কার পাচ্ছেন যাঁরা
পদ্মশ্রী পাচ্ছেন আর মাধবন। মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন সতীশ শাহ।
পদ্ম বিভূষণ পাচ্ছেন প্রয়াত ধর্মেন্দ্র।
পদ্মভূষণ পাচ্ছেন মামুটি, আলকা ইয়াগ্নিক এবং পিযুষ পান্ডে।







