অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে সুপার সিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেমিফাইনালের টিকিট কার্যত এই ম্যাচের ফলের উপরই নির্ভর করছে। তার আগেই ভারতীয় শিবিরে বাড়তি অনুপ্রেরণা—ভার্চুয়াল কথোপকথনে তরুণ ক্রিকেটারদের সঙ্গে যুক্ত হলেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকর।
শুক্রবার নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নেওয়ায় সুপার সিক্সের গ্রুপ ‘বি’ থেকে একমাত্র একটি দলই শেষ চারে পৌঁছবে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব বহুগুণ বেড়েছে। এই চাপের মুহূর্তে বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রেদের মতো তরুণরা শচীনের কাছ থেকে নিলেন গুরুত্বপূর্ণ ক্রিকেট পাঠ।
বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, “ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে শচীনের পরামর্শ এক অমূল্য অভিজ্ঞতা। ট্যাকটিক্যাল দিকের পাশাপাশি মনোনিবেশ, শৃঙ্খলা এবং নম্রতার সঙ্গে সাফল্য অর্জনের গুরুত্ব তুলে ধরেছেন তিনি।”
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। এখনও পর্যন্ত সব ম্যাচে জয় পেয়েছে বৈভব-আয়ুষরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০৪ রানের বিশাল ব্যবধানে জয় তারই প্রমাণ। আগুনে ফর্মে রয়েছেন উইকেটকিপার অভিজ্ঞান কুণ্ডু। তবে সতর্ক থাকার কারণও আছে—এশিয়া কাপের ফাইনালে সমীর মিনহাসের দাপটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
বিশ্বকাপের মঞ্চে এবার সেই হার শোধ নেওয়ার সুযোগ ভারতের সামনে। সুপার সিক্সের এই ‘কোয়াজি-নকআউট’ লড়াইয়ে শচীনের দেওয়া মন্ত্র কতটা কাজে লাগে, সেটাই এখন দেখার।







