নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশের পরপরই প্রত্যাশিত পথে বিরোধিতার ঝাঁজ বাড়াল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হাম্পটি ডাম্পটি বাজেট’ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এ বার আরও কড়া ভাষায় আক্রমণে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটকে তিনি আখ্যা দিলেন ‘ফেসলেস, বেসলেস ও ভিশনলেস’ বলে।
অভিষেকের অভিযোগ, প্রায় ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী একবারও পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করেননি। তাঁর দাবি, “এই বাজেটে বাংলার জন্য কিছুই নেই।” উদাহরণ হিসেবে তিনি নিমহ্যান্স প্রসঙ্গ টেনে বলেন, বেঙ্গালুরুতে আগে থেকেই একটি প্রতিষ্ঠান রয়েছে, নতুন করে ঝাড়খণ্ড ও অসমে আরও দুটি গড়ার ঘোষণা হলেও বাংলাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এর ফলে চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বাইরে যেতে বাধ্য হতে হবে, যা তিনি ‘চরম অবহেলা ও হয়রানি’ বলে ব্যাখ্যা করেন।
বাজেটের পাশাপাশি এসআইআর ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে পেরে না উঠে এসআইআরের নামে বাংলার প্রায় ১০ কোটি মানুষকে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বাংলার মানুষকে কার্যত ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার চেষ্টা চলছে।
অভিষেকের বক্তব্য, বাজেটে বাংলার শ্রমিক, কৃষক, মৎস্যজীবী বা যুবসমাজ—কারও জন্যই কোনও স্পষ্ট দিশা নেই। যুবকদের কর্মসংস্থান নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ নেই, কৃষকদের আয়-নিরাপত্তা ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়েও বাজেট নীরব। ‘স্কিল ইন্ডিয়া’, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির কথা বলা হলেও বাস্তবে কতটা নতুন চাকরি তৈরি হবে, তার কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেই তাঁর দাবি।
ডানকুনি করিডর প্রসঙ্গে অভিষেক বলেন, পুরনো প্রতিশ্রুতিই আবার ঘুরিয়ে বলা হয়েছে, নতুন কোনও ঘোষণা নেই। জল জীবন মিশনের ক্ষেত্রেও কেন্দ্রকে কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করেন, আগে ঘোষিত ২,৫০০ কোটি টাকা এখনও পুরোপুরি বাংলাকে দেওয়া হয়নি।
সব মিলিয়ে, বাজেট ২০২৬-কে ঘিরে কেন্দ্র ও রাজ্যের সংঘাত আরও তীব্র হল। বাংলার স্বার্থ উপেক্ষার অভিযোগ সামনে রেখে রাজনৈতিক উত্তাপ যে আগামী দিনে আরও বাড়বে, তা স্পষ্ট।







