খেলাধুলা

রনজিতে বাংলার মহাদাপট, এক ইনিংস ও ৯০ রানে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে সেমিফাইনালে অভিমন্যুরা

কল্যাণী: একেই বলে শাসন, একেই বলে দাপট। রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে কার্যত ম্যাচের বাইরে ঠেলে দিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিল বাংলা। সুদীপ কুমার ঘরামির ঐতিহাসিক ২৯৯ রানের ইনিংসের পর শাহবাজ আহমেদের ঘূর্ণিতে ভর করে এক ইনিংস ও ৯০ রানে জয়ের সাক্ষী থাকল কল্যাণীর মাঠ।

প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশ ২৯৫ রানে অলআউট হয়ে যায়। রিকি ভুঁইরার ৮৩ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য কোনও প্রতিরোধ গড়ে ওঠেনি। বাংলার হয়ে মুকেশ কুমার দুরন্ত বোলিং করে ৬৬ রানে ৫ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলা কার্যত পাহাড়প্রমাণ স্কোর গড়ে তোলে। ৬২৯ রানে অলআউট হয় অভিমন্যু ঈশ্বরণদের ইনিংস। এই ইনিংসের কেন্দ্রে ছিলেন সুদীপ কুমার ঘরামি। ৫৯৬ বল খেলে ২৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে দুর্ভাগ্যজনক ভাবে ফিরে যেতে হলেও তাঁর এই ইনিংস রনজি ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে। সুদীপের ব্যাট থেকে আসে ৩১টি চার ও ৬টি ছয়।

শেষদিকে মহম্মদ শামির ঝোড়ো ব্যাটিং দর্শকদের বাড়তি রোমাঞ্চ উপহার দেয়। মাত্র ৩৩ বলে ৫৩ রান করেন তিনি, যার মধ্যে ছিল তিনটি বিশাল ছয়। অন্ধ্রপ্রদেশের হয়ে সাইকত ৪ উইকেট নিলেও বাংলার দাপট কমানো সম্ভব হয়নি।

প্রথম ইনিংসে বিশাল লিডের চাপে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অন্ধ্রপ্রদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। নীতীশ কুমার রেড্ডির লড়াকু ৯০ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও শাহবাজ আহমেদের ঘূর্ণির সামনে তা যথেষ্ট ছিল না। ৭২ রান দিয়ে ৪ উইকেট নেন শাহবাজ। সুরজ সিন্ধু জয়সওয়াল নেন ২ উইকেট। আকাশ দীপ, সুমন্ত গুপ্ত ও অনুষ্টুপ মজুমদার একটি করে উইকেট পান। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি শ্রীকর ভরত। শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ২৪৪ রানে গুটিয়ে যায়।

ফলে বাংলা ইনিংস ও ৯০ রানে ম্যাচ জিতে নেয়। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা রনজি ট্রফির সেমিফাইনালে কল্যাণীতেই বাংলার প্রতিপক্ষ হবে আকিব নবিদের জম্মু ও কাশ্মীর। বহুদিনের অধরা রনজি ট্রফি জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল অভিমন্যু ঈশ্বরণদের এই দাপুটে পারফরম্যান্স। নজরে থাকবেন আবারও সুদীপ কুমার ঘরামি—যাঁর ব্যাটই এই বাংলার সবচেয়ে বড় ভরসা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.