বিনোদন

Dhanush-এর বিরুদ্ধে আইনি নোটিস, ২০ কোটির ক্ষতিপূরণ দাবি Thenandal Studios Limited-এর

দক্ষিণী চলচ্চিত্র জগতে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠলেন অভিনেতা-পরিচালক ধনুষ। প্রায় এক দশক আগে স্বাক্ষরিত একটি ছবির চুক্তি ঘিরে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল প্রযোজনা সংস্থা থেনানডাল স্টুডিওস লিমিটেড। সংস্থার তরফে ধনুষের কাছে পাঠানো হয়েছে আইনি নোটিস এবং দাবি করা হয়েছে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ।

দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৬ সালে থেনানডালের সঙ্গে একটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ধনুষ। ওই ছবিতে তাঁর শুধু অভিনয় নয়, পরিচালনার দায়িত্বও নেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটির শুটিং শুরু হয়নি। প্রযোজনা সংস্থার দাবি, বারবার আলোচনার পরও ছবির কাজ এগোয়নি, ফলে অনিশ্চয়তায় আটকে থাকে পুরো প্রজেক্ট।

সূত্রের দাবি, ছবির চিত্রনাট্যে কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন প্রযোজকরা। সেই পরিবর্তনে সম্মতি না দিয়ে ধনুষ নাকি প্রকল্প থেকে সরে দাঁড়ান। সংস্থার অভিযোগ, এরপর থেকে তিনি ছবির কাজে কোনও রকম সহযোগিতা করেননি, যার জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

আইনি নোটিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ বিলম্বের ফলে ছবির টিম বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং সেই ক্ষতিপূরণের দায় অভিনেতাকেই নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব বা আর্থিক নিষ্পত্তি না হলে আরও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত ধনুষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর দক্ষিণী চলচ্চিত্র মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.