রাজনীতি

ইদের ছুটি তিন দিন করার দাবি অধীরের, ভোটের মুখে তুঙ্গে রাজনৈতিক তরজা

ইদের ছুটি এক দিনের বদলে তিন দিন করার দাবি তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি Adhir Ranjan Chowdhury। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী Mamata Banerjee–কে চিঠি দিয়ে এই প্রস্তাব জানিয়েছেন তিনি। শুধু ছুটি বৃদ্ধি নয়, পবিত্র রমজান মাসে রেশন বরাদ্দ বাড়ানো এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের দাবিও তুলেছেন অধীর। ভোটের আবহে এই দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, “এতদিন ইদের জন্য একদিন ছুটি দেওয়া হয়। আমি চাইছি তা তিন দিন করা হোক। যেমন দুর্গাপুজোয় কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, তেমনই ইদও কয়েকদিন ধরে উদ্‌যাপিত হয়। অন্তত ইদের আগের দিন, ইদের দিন এবং ইদের পরের দিন—এই তিন দিন ছুটির ব্যবস্থা করা হোক।”

তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—ভোটের আগে হঠাৎ এই দাবি কেন? শাসকদল তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি Joy Prakash Majumdar বলেন, “এগুলো আসলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। সম্পূর্ণভাবে একটি সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করার প্রয়াস। এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত অবশ্যই মুখ্যমন্ত্রী নেবেন। তিনি সব ধর্মের মানুষের জন্যই সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।”

অধীরকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে জয়প্রকাশের মন্তব্য, “ইদ কি এ বছরই প্রথম হচ্ছে? নাকি শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে? এতদিন যখন ক্ষমতায় ছিলেন, তখন এই দাবি তোলেননি কেন? এই ধরনের বক্তব্যের কোনও অর্থ নেই। এটা না মুসলমানদের কথা ভেবে, না পশ্চিমবঙ্গের স্বার্থে—শুধুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই এই দাবি সামনে আনা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের দাবি, এটি সম্পূর্ণরূপে উৎসবের মর্যাদা ও মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানো।

সব মিলিয়ে ইদের ছুটি প্রসঙ্গ এখন রাজ্য রাজনীতির নতুন বিতর্কের কেন্দ্রে। আগামী দিনে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.