অস্ট্রেলিয়ার মাটিতে সোনালি স্বপ্ন নিয়ে নেমেছিল ভারতের মহিলা ফুটবল দল। কিন্তু বাস্তবের কঠিন পরীক্ষায় জাপানের সামনে দাঁড়িয়ে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হল ব্লু টাইগ্রেসদের। এএফসি এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ‘উদীয়মান সূর্যের দেশ’-এর কাছে গুনে গুনে ১১ গোল হজম করল ভারত। এই ০-১১ ব্যবধানের হার ভারতের বিশ্বকাপ খেলার স্বপ্ন কার্যত শেষ করে দিল।
ম্যাচের আগে থেকেই শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর ফারাক ছিল। তবু ভিয়েতনামের বিরুদ্ধে লড়াকু ফুটবল দেখিয়ে শেষ মুহূর্তে গোল খেয়ে হারার পর কিছুটা আশা জেগেছিল ভারতীয় শিবিরে। কিন্তু জাপানের বিরুদ্ধে সেই আশা ভেঙে গেল শুরু থেকেই। ম্যাচের চতুর্থ মিনিটেই ইউজুকির গোলে এগিয়ে যায় জাপান। এরপর যেন থামার নামই নেয়নি জাপানি আক্রমণ।
১৩ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাঞ্চেস্টার সিটির তারকা ইউই হাসেগাওয়া। তারপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হিনাটা মিয়াজাওয়া ২০ ও ৩৫ মিনিটে পরপর দুই গোল করে ম্যাচকে কার্যত একতরফা করে দেন। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৫-০ করেন সেইকি।
দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। বরং আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। ৪৭, ৫০ ও ৬৫ মিনিটে উইকির হ্যাটট্রিক ম্যাচের ব্যবধানকে আরও বাড়িয়ে দেয়। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সেইকি, ৬২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন হিজিকাটা। ম্যাচের ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মিয়াজাওয়া। শেষ পর্যন্ত ১১ গোলের বিশাল ব্যবধানে হার মানতে হয় ভারতকে।
ম্যাচের আগে জাপান কোচ নিলস নিলসেন স্পষ্টই বলেছিলেন, ভারতের বিরুদ্ধে তাঁর দল আরও ‘কঠোর’ ফুটবল খেলবে। চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ২-০ জয়ের পরও সন্তুষ্ট ছিলেন না তিনি। সেই ইঙ্গিতই যেন বাস্তবে আরও নির্মমভাবে ধরা পড়ল মাঠে।
তবে এই পরাজয় শুধু একটি ম্যাচের হার নয়, ভারতীয় মহিলা ফুটবলের বাস্তব ছবিটাকেও সামনে নিয়ে এল। কারণ ইতিহাস বলছে, একসময় দুই দলের মধ্যে ব্যবধান এতটা ছিল না। ১৯৮৬ সালের এশিয়া কাপে অনিতা সরকারের গোলে ভারত ১-০ ব্যবধানে হারিয়েছিল জাপানকে। সেই সময় এশিয়ার মহিলা ফুটবলে ভারত ছিল অন্যতম শক্তি।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জাপান এগিয়েছে বহু দূর। বিশ্বকাপ জয়, পেশাদার লিগ এবং শক্তিশালী ফুটবল কাঠামো তাদের নিয়ে গেছে বিশ্বের সেরাদের কাতারে। আর সেই তুলনায় ভারতের ফুটবল এখনও পরিকাঠামো, বিনিয়োগ ও পরিকল্পনার দিক থেকে অনেকটাই পিছিয়ে।
অস্ট্রেলিয়ার মাঠে ০-১১ ব্যবধানের এই পরাজয় তাই শুধু স্কোরবোর্ডের গল্প নয়—এটি ভারতীয় মহিলা ফুটবলের সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘ পথের নির্মম স্মারকও।







