খেলাধুলা

অস্ট্রেলিয়া জয় শেষে সরাসরি টেস্ট মুডে ভারত, আজ রাতেই কলকাতায় আসছেন গৌতম গম্ভীর ও শুভমান গিল

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলেও, সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ১৭ বছরের অপরাজিত রেকর্ড অক্ষুন্ন রেখে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে মেন ইন ব্লু। তবে অস্ট্রেলিয়ার মাটি থেকে ফিরে বিশ্রামের ফুরসত নেই টিম ইন্ডিয়ার। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ।

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল রবিবার রাত সাড়ে দশটা নাগাদ অস্ট্রেলিয়া থেকে দুবাই হয়ে কলকাতায় নামবেন। তাঁদের সঙ্গে একই ফ্লাইটে থাকছেন টেস্ট দলে থাকা দুই ক্রিকেটার—ওয়াশিংটন সুন্দর ও জসপ্রীত বুমরাহ। বাকি ক্রিকেটাররা সোমবার বিভিন্ন সময়ে কলকাতায় পৌঁছবেন বলে সূত্রের খবর।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলও রবিবার সন্ধ্যায় কলকাতায় আসছে। তবে তারা সোমবার অনুশীলন না করে মঙ্গলবার থেকে ইডেনে ট্রেনিং শুরু করবে। ভারতীয় দলও একই দিনে অনুশীলনে নামবে।

যদিও জানা গেছে, সোমবারই ইডেন গার্ডেন্সের উইকেট পরিদর্শনে যেতে পারেন কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান। ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই অস্ট্রেলিয়া সফর শেষ করেই একদিনের জন্যও বিশ্রাম না নিয়ে সরাসরি টেস্ট মুডে ঢুকে পড়ছে টিম ইন্ডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.