খেলাধুলা

কল্যানীতে ইস্টবেঙ্গলের বিজয়কেতন, ফাজিলা-সুলঞ্জনার দাপটে লিগ টেবিলে উড়ছে লাল-হলুদ

মেয়েদের ইন্ডিয়ান উইমেন লিগে (IWL) ইস্টবেঙ্গলের জয়রথ যেন থামছেই না। প্রথম ম্যাচে সেতু এফসি-কে হারানোর পর, শনিবার গারওয়াল ইউনাইটেড এফসি-র বিরুদ্ধেও দাপুটে জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে শহরে ফেরার মাত্র তিন দিনের মাথায় আইডব্লিউএল অভিযানে নেমেছে অ্যান্থনি অ্যান্ড্রুজের ছাত্রীরা। পর্যাপ্ত বিশ্রামের অভাব ও ক্লান্তি চোখে পড়লেও গারওয়ালকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিল মশাল বাহিনী।

কল্যানী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। বাঁ-দিক দিয়ে সুলঞ্জনা রাউল ও রেস্টি নানজিরিরা বারবার গারওয়ালের বক্সে হানা দিচ্ছিলেন। তবে প্রথম গোলটি আসে ডান দিক থেকে। ম্যাচের প্রথম গোলটি করলেন সুলঞ্জনা। সৌম্যা গুগুলোথের চমৎকার একটি ক্রস থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। বিপক্ষ ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই সুলঞ্জনা শিকারি মেজাজে গোল করে যান। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে থাকলেও ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু ফাজিলাদের মতো অভিজ্ঞ ফুটবলাররা গোল করার বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেন।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। কর্নার থেকে আসা বলটি সৌম্যা হেড করে নামিয়ে দিলে তা থেকে ফাজিলা নিখুঁত ফিনিশ করেন। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচ যখন প্রায় ইস্টবেঙ্গলের পকেটে, ঠিক তখনই একটি ছোট ভুলে অস্বস্তি বাড়ে লাল-হলুদ শিবিরে। গারওয়ালের একটি দুর্বল শট তালুবন্দি করতে ব্যর্থ হন গোলকিপার পান্থই, যার ফলে গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। ৬ ম্যাচ পর গোল হজম করলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় লাল-হলুদ মেয়েরা। টানা জয়ের স্বস্তি থাকলেও ফুটবলারদের মধ্যে ক্লান্তি নিয়ে কিছুটা চিন্তায় থাকবেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। টানা খেলার চাপে ম্যাচের শেষ দিকে ডিফেন্ডাররা কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন। তবে ২-১ গোলে এই জয় আইডব্লিউএলের পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গলকে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.