ভারতের ক্রিকেট মানচিত্রে এখন সবচেয়ে আলোচিত নাম বোধহয় বৈভব সূর্যবংশী। বিহারের এই বাঁহাতি ওপেনার যেন সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে উঠছে। দিনকয়েক আগেই রাষ্ট্রপতি ভবন থেকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ জয় করার পর খোদ নরেন্দ্র মোদির সঙ্গেও মোলাকাত সেরেছে সে। আর সেই খুশির রেশ থাকতেই বৈভবের ঝুলিতে এল এক বিশাল দায়িত্ব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে এই ১৪ বছর বয়সী কিশোর।
আসলে দলের নিয়মিত দুই তারকা আয়ুষ মাত্রে এবং বিহান মলহোত্রা চোটের কবলে পড়ে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁরা এখন বেঙ্গালুরুতে চোট সারানোর প্রক্রিয়ায় ব্যস্ত। ফলে বিশ্বকাপের আগে প্রোটিয়াদের ডেরায় এই মহড়া সিরিজে টিম ইন্ডিয়ার রাশ সামলাতে হবে বৈভবকেই। যদিও বিশ্বকাপের মূল আসরে ফিরবেন অধিনায়ক আয়ুষ, তবে ৪ জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বৈভবের নেতৃত্ব দেওয়ার সুযোগটি নিঃসন্দেহে ঐতিহাসিক।
মাঠে বৈভবের ব্যাটের তেজও এখন নজরকাড়া। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারলেও গোটা টুর্নামেন্টে বৈভব বুঝিয়ে দিয়েছিল সে লম্বা রেসের ঘোড়া। এরপর দেশের মাটিতে বিজয় হাজারে ট্রফিতে তো রীতিমতো তান্ডব চালিয়েছে সে। অরুণাচল প্রদেশের বোলারদের নিয়ে স্রেফ ছেলেখেলা করে মাত্র ৮৪ বলে ১৯০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছে সে, যার মধ্যে ১৫৪ রানই এসেছিল বাউন্ডারি থেকে।
আগামী ৩০ ডিসেম্বর বৈভবের নেতৃত্বাধীন যুব দলটি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, অধিনায়ক হিসেবে বৈভব আফ্রিকার কঠিন কন্ডিশনে কতটা সফল হতে পারে।







